images

খেলা / ফুটবল

ব্রাজিলকে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে 

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৭:৫৯ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে রয়েছে ২৪ বছরের এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগও।

২০০২ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি সেলেসাওরা। ২০০৬ থেকে ২০২২ এই চারটি আসরে যতবার নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, প্রতিবারই তাদের হারিয়েছে ইউরোপের কোনো না কোনো দল।

২০০৬ বিশ্বকাপে ঘানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ২০১০ সালে একই পরিণতি হয় নেদারল্যান্ডসের বিপক্ষে। ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয় এখনও ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বেদনাদায়ক অধ্যায়। এরপর ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।

এবার সেই হতাশার ইতিহাস বদলানোর দায়িত্ব ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির কাঁধে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে নকআউট পর্বে সাফল্যের অসংখ্য অভিজ্ঞতা রয়েছে তার। জাতীয় দলের দায়িত্ব নিয়েও সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখতে চান এই কিংবদন্তি কোচ।

নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি বলেন, প্রথম ম্যাচ থেকে দল ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো রক্ষণে দৃঢ়তা।

ব্রাজিলের সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জও রয়েছে। ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি সেলেসাওরা।

তবে সামগ্রিক পরিসংখ্যানে বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড এখনও উজ্জ্বল। ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে তারা জিতেছে ১৭টি ম্যাচ, হেরেছে ৯টিতে এবং ড্র করেছে ৫টি। ড্র হওয়া ম্যাচগুলোর মধ্যে দুটি টাইব্রেকারে জিতেছে এবং দুটি হেরেছে।

আরও পড়ুন
TROPHY

বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন বিশ্বরেকর্ড

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি ২৪ বছরের ইউরোপীয় নকআউট-অভিশাপ ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

আরটিভি/এসকে