শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১০:১৪ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে সেই পুরোনো অভিযোগ ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়।
ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের ভিডিওতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায়, আজ (কেপ ভার্দের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল, চাপ অনুভব করছিলাম। তবে বক্তব্য শেষ করার আগেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে বলেন, আমি তো নিরপেক্ষ। শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন, ইনফান্তিনো অসাবধানতাবশত নিজের সমর্থনের কথা প্রকাশ করে ফেলেছিলেন, পরে তা ঢাকার চেষ্টা করেন।
এদিকে, আর্জেন্টিনার ম্যাচটিও ছিল বেশ নাটকীয়। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৩-২ গোলের জয় তুলে নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
ভাইরাল ভিডিওটির সত্যতা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করা একটি তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ইনফান্তিনো স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। তবে যাচাইয়ে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ক্লিপটি আংশিক এবং পুরো বক্তব্য প্রকাশ করা হয়নি।
এ ছাড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এবং আশপাশে অন্য কাউকে দেখা যায় না। ফলে ভিডিওটির প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অন্যদিকে, মালয়েশিয়ার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রো-র ফ্যাক্ট-চেকেও ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের মতে, ভিডিওটি আংশিক সম্পাদিত, ভুলভাবে উপস্থাপিত, বিকৃত বা সম্পূর্ণ ভুয়াও হতে পারে।
এর আগে লিওনেল মেসিকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনে বুটের তলা দিয়ে আঘাত করার পরও মেসি কোনো কার্ড না দেখায় সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর এই ভিডিও নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের কথা স্বীকার করেছেন। ফলে ভাইরাল ভিডিওটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাইকারীরা।
আরটিভি/এসকে