images

খেলা

হালান্ডের মহাকাব্যিক রাত, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ০৪:১৭ এএম

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইউরোপের দলটি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও নাটকীয় প্রত্যাবর্তনের জন্য সময় পায়নি সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেললেও প্রথম বড় সুযোগটি পায় ব্রাজিল। ১১ মিনিটে বক্সের ভেতর মাতেউস কুনিয়াকে ফাউল করেন ক্রিস্টোফার আয়ের। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে স্পট কিকের নির্দেশ দেন।

কিন্তু ১৪ মিনিটে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারাইস। তাঁর নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

৪ মিনিটেই নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ম্যাচের ২৬ মিনিটে হাইড্রেশন ব্রেক পর্যন্ত ওপেন প্লেতে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দল।

৪০ মিনিটে মার্টিন ওডেগার্ডের ভুলে বল পেয়ে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে নিল্যান্ড আবারও অসাধারণ সেভ করে নরওয়েকে রক্ষা করেন। প্রথমার্ধের শেষ দিকে আর্লিং হালান্ডের দারুণ পাস থেকে মার্টিন ওডেগার্ড গোলের সুযোগ পেলেও ব্রাজিলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক আলিসন।

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে বিরতির আগে একটি পরিসংখ্যান ব্রাজিলকে হতাশ করে—বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) গত ৪০ বছরে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নরওয়ে দুটি পরিবর্তন আনে। আলেক্সান্ডার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ। অন্যদিকে ৫৮ মিনিটে গোলের খোঁজে মাতেউস কুনিয়ার পরিবর্তে এনদ্রিককে নামান ব্রাজিল কোচ।

মাঠে নেমেই গোলের সেরা সুযোগটি পেয়েছিলেন এনদ্রিক। ৬০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাসে গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

৬২ মিনিটে রায়ানের দূরপাল্লার শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন নিল্যান্ড। এরপর ৬০ মিনিটের পর হাইড্রেশন ব্রেকের ঠিক আগে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে মাঠে নামানো হয় নেইমার ও দানিলোকে।

আরও পড়ুন
Web-Image---Copy

পেনাল্টি মিস আর হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে ব্রাজিলের জালে বল পাঠিয়ে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। ম্যাচের শেষ দিকে আবারও গোল করে ব্যবধান ২-০ করেন হালান্ড। এটি ছিল চলতি বিশ্বকাপে তাঁর সপ্তম গোল। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি স্পর্শ করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।

ম্যাচের একেবারে শেষ দিকে কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করেন নেইমার। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাকি কয়েক সেকেন্ডে আর সমতায় ফেরা সম্ভব হয়নি ব্রাজিলের।

শেষ পর্যন্ত হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। অন্যদিকে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

আরটিভি/এমএইচজে