images

খেলা / ফুটবল

যে দুই রেকর্ড গড়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১১:৪১ এএম

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন আবারও থেমে গেল নকআউট পর্বেই। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ শেষ হলো সেলেসাওদের। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

রোববার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হয় ব্রাজিলকে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। তবে সেই গোল পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ বাঁশি বাজতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই বিশ্বকাপের মাধ্যমে নেইমার একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের অংশও হয়ে গেলেন। ইতিহাসের দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে তিনি চারটি বিশ্বকাপ খেলেও একবারও শিরোপা জিততে পারলেন না। এর আগে একই রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা, যিনি ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন। নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে।

অন্যদিকে, ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিদের তালিকায় থাকা পেলে, নিলটন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দালমা সান্তোস ও রোনালদো নাজারিও—প্রত্যেকেই অন্তত একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।

তবে বিদায়ের আগে গড়েছেন একটি গৌরবময় কীর্তিও। পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির স্থাপন করেছেন নেইমার। নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা গোলটি তাকে এই অনন্য রেকর্ডের মালিক বানিয়েছে।

২০২৬ বিশ্বকাপে চোট কাটিয়ে দলে ফেরা নেইমার মাত্র দুটি ম্যাচ খেলেছেন। স্কটল্যান্ড ও নরওয়ের বিপক্ষে মিলিয়ে মাঠে ছিলেন মোট ৩৬ মিনিট। এরপরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অবসর নিলে ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ হবে ১৩০ ম্যাচে রেকর্ড ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তার একমাত্র সিনিয়র শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ সালে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন
BRAZIL-TROPHY

টানা ছয় বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাহীন ‘হেক্সা পূরণ’

বিশ্বকাপের স্বপ্ন পূরণ না হলেও, ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে নেইমারের নাম চিরকালই স্মরণীয় হয়ে থাকবে।

আরটিভি/এসকে