মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১২:৫৩ পিএম
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
অপ্টার ২৫ হাজার সিমুলেশনের ফলাফলে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। অন্যদিকে মিশরের জয়ের সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ১৮.৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ম্যাচটি ড্র হওয়ার, সেক্ষেত্রে খেলা গড়াতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে।
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। যদিও শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় তুলে নিতে হয়েছে আলবিসেলেস্তেদের। অন্যদিকে মোহাম্মদ সালাহকে সামনে রেখে আত্মবিশ্বাসী মিশরও দারুণ লড়াকু ফুটবল খেলছে। শেষ ষোলো নিশ্চিত করতে তারা টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে।
পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা স্পষ্ট ফেবারিট হলেও নকআউট পর্বের ফুটবলে এক মুহূর্তেই বদলে যেতে পারে ম্যাচের চিত্র। বিশেষ করে সালাহর মতো বিশ্বমানের ফরোয়ার্ড থাকায় মিশরকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। অপ্টার পূর্বাভাস সত্যি করে আর্জেন্টিনা কি কোয়ার্টার ফাইনালে উঠবে, নাকি বড় অঘটন ঘটিয়ে ইতিহাস গড়বে মিশর সেই উত্তর মিলবে ম্যাচ শেষেই।
আরটিভি/এসকে