মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০১:৫২ পিএম
বিশ্বকাপের মঞ্চে জয়রথ ছুটছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এখন প্রতিটি ম্যাচই অল-অর-নাথিং। নকআউট পর্বে মঙ্গলবার(৭জুলাই) শক্তিশালী মিসরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিসর। দুই দলের সর্বশেষ এবং একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে, যেখানে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আসরে এবারই প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে দল দুটি।
ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর প্রথম আন্তর্জাতিক লড়াই। ক্লাব ফুটবলে বহুবার মুখোমুখি হলেও জাতীয় দলের জার্সিতে এই প্রথম একে অপরের বিপক্ষে খেলবেন তারা।
গণমাধ্যমের খবরে জানা গেছে, শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। যদিও সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি একাদশ প্রকাশ করেননি।
তিনি বলেন, আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের জানাইনি, তাই আপনাদেরও বলছি না। তবে আপনারা যা আলোচনা করছেন, মোটামুটি সঠিক পথেই আছেন।
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো।
এখন দেখার বিষয়, স্কালোনির সম্ভাব্য এই পরিবর্তন কতটা কার্যকর হয় এবং সালাহদের বিপক্ষে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা শেষ আটে জায়গা নিশ্চিত করতে পারে কি না।
আরটিভি/এসকে