বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০২:০৬ পিএম
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে এবার আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো।
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ ১৩ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের দুর্দান্ত প্রত্যাবর্তনে নেতৃত্ব দেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন তিনি।
এই অসাধারণ জয়ের পর রিভালদো লিখেছেন, কী দুর্দান্ত লড়াকু মানসিকতা, কী জয়ের ইচ্ছা, কী অসাধারণ সংগ্রাম এবং সবার নিবেদন! বিশ্বকাপে মাঠে সমর্থকরা ঠিক এমন ফুটবলই দেখতে চায়।
মেসিকে নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা। তিনি লেখেন, লিওনেল মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কী অসাধারণ একজন ফুটবলার! নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেও তিনি এখনও আর্জেন্টিনার জার্সির প্রতি একই রকম আবেগ দেখাচ্ছেন। তিনি লড়ছেন, উদযাপন করছেন, কাঁদছেন এবং আবারও দলের জন্য নির্ণায়ক হয়ে উঠেছেন।
রিভালদোর পোস্টের সবচেয়ে আলোচিত অংশ ছিল শেষের মন্তব্য। তিনি বলেন, আমি ব্রাজিলিয়ান এবং সবসময় আমার দেশের পক্ষেই থাকব। কিন্তু ভালো ফুটবলের প্রশংসা করতেই হয়। আর্জেন্টিনাকে অভিনন্দন, তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রিভালদোর এই মন্তব্যকে শুধু মেসির ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি নয়, বরং আর্জেন্টিনা দলের আত্মবিশ্বাস, লড়াইয়ের মানসিকতা এবং শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানার মনোভাবের প্রতি শ্রদ্ধা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে রিভালদোর এই প্রশংসাসূচক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অতীতেও তিনি জানিয়েছেন, ব্রাজিলই তার প্রথম ভালোবাসা এবং আন্তর্জাতিক ফুটবলে তিনি সবসময় নিজের দেশের সমর্থক। তবে একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, প্রতিপক্ষের অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানানোই ফুটবলের প্রকৃত সৌন্দর্য। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর তার সর্বশেষ বার্তায় সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন দেখা গেছে।
আরটিভি/এসকে