বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১২:১৮ পিএম
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা কোয়ার্টার ফাইনালের উত্তেজনার। টুর্নামেন্টজুড়ে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। তবে তাদের পাশাপাশি নজর কাড়ছেন একঝাঁক তরুণ ফুটবলার, যারা নিজেদের পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন ফিফার ‘ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড’এর আলোচনায়।
লামিন ইয়ামাল (স্পেন)
স্পেনের ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল ইনজুরির কারণে কিছুটা সীমিত সময় খেললেও মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করছেন। শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন তিনি। এরপর পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এবং দলের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বেলজিয়ামের বিপক্ষে শেষ আটের লড়াইয়েও স্পেনের অন্যতম বড় ভরসা এই তরুণ।
আইয়ুব বুয়াদ্দি (মরক্কো)
মরক্কোর মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি আইয়ুব বুয়াদ্দি। দুর্দান্ত ফুটবল বুদ্ধিমত্তা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ-রক্ষণে সমান দক্ষতায় তিনি দলের সাফল্যে বড় অবদান রাখছেন। শেষ ষোলোর ম্যাচে সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে তার অনবদ্য পারফরম্যান্স মরক্কোকে ঐতিহাসিক জয় এনে দেয় এবং দলকে তুলে দেয় কোয়ার্টার ফাইনালে।
ডেজিরে ডুয়ে (ফ্রান্স)
ফ্রান্সের ২১ বছর বয়সী ফরোয়ার্ড ডেজিরে ডুয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি আদায় করেন, যা থেকে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের আক্রমণে ডুয়ের দিকেই থাকবে বিশেষ নজর।
নিকো ও'রিলি (ইংল্যান্ড)
ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও'রিলি ইংল্যান্ডের রক্ষণভাগে হয়ে উঠেছেন নির্ভরতার প্রতীক। দলের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার একটি শট পোস্টে লেগে ফিরে এলেও পাসিং, ট্যাকলিং এবং রক্ষণ সামলানোর দক্ষতায় তিনি ছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার।
বিশ্বকাপ যত শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে ‘ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড’ ঘিরে উত্তেজনা। লামিন ইয়ামাল, আইয়ুব বুয়াদ্দি, ডেজিরে ডুয়ে ও নিকো ও'রিলি এই চার তরুণের মধ্যে কে শেষ পর্যন্ত সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি জিতবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
আরটিভি/এসকে