images

খেলা / ফুটবল

নিজেকে লুকিয়ে ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১২:৩৮ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত ম্যাচ পরিচালনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, কটূক্তি ও অপমানজনক মন্তব্যের জেরে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছেন তিনি। 

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে বাতিল হওয়ায় ম্যাচটি ঘিরে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়।

শেষ বাঁশি বাজার পর থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও লেতেক্সিয়েরকে লক্ষ্য করে সমালোচনার ঝড় ওঠে। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের দাবি, শুরুতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেন এই ফরাসি রেফারি।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে লেতেক্সিয়েরকে দায়িত্ব না দেওয়ারও অনুরোধ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন
WC

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী, সেমিফাইনাল খেলবে যে ৪ দেশ

তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত জানায়নি। ফলে লেতেক্সিয়ের বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব পাবেন কি না, তা এখনো অনিশ্চিত।

আরটিভি/এসকে