বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০১:৪৩ পিএম
স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। ১৯ বছরে পা রাখা এই বার্সেলোনা তারকাকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। স্প্যানিশ মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইতোমধ্যেই সরব স্প্যানিশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম।
সম্প্রতি স্পেনের একটি আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে দেখা যায় ২১ বছর বয়সী ইনেস গার্সিয়াকে। তার গায়ে ছিল ইয়ামালের ১৯ নম্বর জার্সি। গলায় থাকা একটি সোনার লকেটে লেখা ছিল "L & Y", যা অনেকের মতে লামিন ইয়ামালকেই ইঙ্গিত করে।
যদিও ইয়ামাল এখনো প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কোনো ছবি শেয়ার করেননি, ইনেস গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্টের জন্য পরিচিত ইনেসের ইনস্টাগ্রামে অনুসারী রয়েছে ছয় লাখেরও বেশি। টিকটকেও তিনি বেশ জনপ্রিয়।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনেস জানান, তাদের প্রথম পরিচয় হয়েছিল একেবারেই সিনেমার গল্পের মতো। তার ভাষায়, একদিন বিমানবন্দরে হঠাৎ দেখি লামিনে আসছে। আমি ইচ্ছা করেই হাতের কাগজপত্র ফেলে দিই। সে সেগুলো তুলে দিতে সাহায্য করে। সেখান থেকেই আমাদের পরিচয়, এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়।
এর আগেও একাধিকবার ইয়ামালের প্রেমের গুঞ্জন শিরোনাম হয়েছে। গত বছর তার নাম জড়িয়েছিল আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের সঙ্গে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিকির জন্মদিনে বিশেষ পোস্টও করেছিলেন ইয়ামাল।
এর আগে স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ফাতি ভাসকুয়েজের সঙ্গেও ইয়ামালের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। পরে মডেল ক্লদিয়া কালবোর সঙ্গেও তার নাম জড়ায়। ক্লদিয়া ইয়ামালের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
তবে নতুন করে ইনেস গার্সিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন এখন সবচেয়ে বেশি আলোচনায়। যদিও লামিন ইয়ামাল বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
আরটিভি/এসকে