বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:০১ পিএম
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড হারিয়েও বিন্দুমাত্র আক্ষেপ নেই জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজের। বরং রেকর্ড ভাঙার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আবেগঘন ফোনালাপে মেতে ওঠেন তিনি। সেই কথোপকথনে ফুটবলের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্লোজে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে জানা গেছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই এই ফোনালাপের ব্যবস্থা হয়। স্কালোনি ও ক্লোজে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাজিওতে একসঙ্গে খেলেছিলেন। সেই পুরোনো সম্পর্কের সূত্র ধরেই মেসি ও ক্লোজের মধ্যে যোগাযোগ করিয়ে দেন তিনি।
ক্লোজে বলেন, স্কালোনি আমার সাবেক সতীর্থ। এখনও আমাদের নিয়মিত যোগাযোগ হয়। বিশ্বকাপে মেসি আমার গোলের রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে একটি ফোনালাপের ব্যবস্থা করে দিয়েছিল। মুহূর্তটি ছিল খুবই আবেগঘন।
এই ফোনালাপে মেসি তাকে একটি বিশেষ উপহারের প্রতিশ্রুতিও দিয়েছেন। ক্লোজে জানান, মেসি আমাকে বলেছে, সে তার স্বাক্ষর করা একটি জার্সি পাঠাবে।
জার্মান কিংবদন্তির ভাষ্য, মাঠে একাধিকবার মুখোমুখি হলেও এর আগে কখনও মেসির সঙ্গে এত দীর্ঘ সময় কথা হয়নি। তিনি বলেন, আমাদের দেখা হয়েছে, সম্পর্ক সব সময়ই সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক ছিল। তবে ওই ফোনকলেই প্রথমবার ফুটবলের বাইরের বিষয় নিয়েও দীর্ঘ সময় কথা বলেছি।
চারটি বিশ্বকাপে ১৬ গোল করে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ক্লোজে। তবে ২০২৬ বিশ্বকাপে ২১ গোল করে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
রেকর্ড হারানোর পরও মেসির প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন ক্লোজে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি তার রেকর্ড ভাঙার পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন, আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন! রেকর্ড একদিন না একদিন ভাঙারই ছিল। আমি সব সময়ই মেসির ভক্ত।
আরটিভি/এসকে