images

খেলা / ফুটবল

গ্যালারিতে যাওয়া বল কেন নিজের কাছে রাখতে পারেন না দর্শক

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৫:৩১ পিএম

ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড়দের শক্তিশালী শট বা ক্লিয়ারেন্স প্রায়ই গ্যালারিতে গিয়ে পড়ে। তখন যে সমর্থকের হাতে বলটি আসে, তিনি কিছুক্ষণ উল্লাস করেন, ছবি তোলেন কিংবা স্মরণীয় মুহূর্তটি উপভোগ করেন। তবে শেষ পর্যন্ত বলটি মাঠে ফিরিয়ে দিতেই হয়। প্রশ্ন হলো, কেন দর্শক সেই বল স্মারক হিসেবে নিজের কাছে রাখতে পারেন না?

এর পেছনে রয়েছে ফুটবলের দীর্ঘদিনের প্রথা এবং আধুনিক প্রযুক্তিগত বাস্তবতা।

অতীতে একটি ম্যাচে সাধারণত একটি বলই ব্যবহার করা হতো। ফলে বল গ্যালারিতে চলে যাওয়ার পর যদি সেটি ফেরত না আসত, তাহলে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকত। সেই কারণেই দর্শকদের বল মাঠে ফিরিয়ে দেওয়ার একটি অলিখিত নিয়ম গড়ে ওঠে, যা এখনও অনুসরণ করা হয়।

বর্তমানে একটি ম্যাচে একাধিক বল ব্যবহার করা হলেও সেই প্রথা বহাল রয়েছে। ম্যাচের বল দর্শকের ব্যক্তিগত স্মারক হিসেবে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না।

এর আরেকটি বড় কারণ প্রযুক্তি। আধুনিক আন্তর্জাতিক ফুটবলে ব্যবহৃত বলে উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে। বলের ভেতরে বিশেষ চিপ ও মোশন সেন্সর থাকে, যা ম্যাচ চলাকালে বলের গতি, অবস্থান এবং স্পর্শসহ বিভিন্ন তথ্য রিয়েল-টাইমে সংগ্রহ করে। এসব তথ্য মাঠে থাকা ট্র্যাকিং ক্যামেরা ও ভিডিও প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা হয়।

এই উন্নত প্রযুক্তির কারণে প্রতিটি ম্যাচ বল তৈরির খরচও অনেক বেশি। তাই বল হারিয়ে যাওয়া বা দর্শকের কাছে থেকে যাওয়া আয়োজকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

আরও পড়ুন
mbappe

মুসলিম ফুটবলারদের যে বিষয় অনুসরণ করেন এমবাপে

যদিও এ বিষয়ে ফিফার আলাদা কোনো প্রকাশ্য নির্দেশিকা নেই, তবুও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম ও ম্যাচ পরিচালনার স্বার্থে গ্যালারিতে চলে যাওয়া বল দ্রুত মাঠে ফিরিয়ে দেওয়াই স্বীকৃত রীতি। তাই ম্যাচে ব্যবহৃত বল কোনো দর্শক স্মারক হিসেবে নিজের কাছে রাখতে পারেন না।

আরটিভি/এসকে