শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ১০:৪৬ পিএম
বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় নিলেও দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে মিসর জাতীয় ফুটবল দল। ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষে শুক্রবার দেশে ফেরেন মোহামেদ সালাহদের দল। আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান ও ব্যানার নিয়ে ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানান।
সমর্থকদের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি এবং ‘ধন্যবাদ’ লেখা প্ল্যাকার্ড। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের শুভেচ্ছার জবাব দেন তারা। আগামীকাল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয় পায় মিশর। শুধু তাই নয়, প্রথমবারের মতো তারা নিশ্চিত করে শেষ ষোলোর টিকিটও। গ্রুপপর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে ইতিহাস গড়ে আফ্রিকার দলটি।
তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ে থেমে যায় মিসরের স্বপ্ন। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় হোসাম হাসানের শিষ্যদের। তবুও দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরেই বীরের মর্যাদা পেয়েছে দলটি।
সংবর্ধনায় অনেক সমর্থকের হাতে ছিল প্রধান কোচ হোসাম হাসানের বড় পোস্টার, যেগুলো ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় তাকে এভাবে সম্মান জানান সমর্থকেরা। টুর্নামেন্টজুড়ে তিনি মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বক্তব্য রাখেন।
এদিকে, দল দেশে ফেরার আগেই হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও নতুন চুক্তির আনুষ্ঠানিক বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন তারা।
২০২৪ সালে মিশরের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির পারফরম্যান্সে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তার অধীনে মিসর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। এখন পর্যন্ত তার কোচিংয়ে দলটি ২০টি ম্যাচে জয় এবং ৯টি ম্যাচে ড্র করেছে।
আরটিভি/এসকে