শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০২:১৪ পিএম
২০২৬ বিশ্বকাপে গ্লাভস হাতে কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশ্ব। বিশ্বসেরা সব আক্রমণভাগকে রুখে দিয়ে দলকে নকআউটে তুলেছেন তিনি। তাই ভোজিনিয়া বিরল এক সম্মান দিয়েছেন জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া।
সমুদ্রের নিচে সদ্য আবিষ্কৃত এক নতুন প্রজাতির সামুদ্রিক শামুকের (সি স্লাগ) নামকরণ করেছেন ভোজিনিয়ার নামানুসারে! জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া ক্যারিবীয় সাগরে লাল রঙের ছোট এই মোলাস্ক বা কম্বোজ গোত্রীয় প্রাণীটির নাম রেখেছেন ‘আলদিসা ভোজিনিয়া’।
জনসংখ্যার হিসাবে ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল কেপ ভার্দে। গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে শেষ ৩২-এর নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল তারা।
সেখানে আলবিসেলেস্তেদের ঘাম ছুটিয়ে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভোজিনিয়ার দল। তবে এর আগেই এক রূপকথা লিখে ফেলেছিল কেপ ভার্দে।
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম পয়েন্টটি পেয়েছিল তারা। আর সেই ম্যাচে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে ভোজিনিয়া যা করেছিলেন, তা ফুটবল ইতিহাস মনে রাখবে অনেক দিন।
নিজের আবিষ্কারের প্রতিবেদনে বিজ্ঞানী হেসুস ওর্তেয়া জানিয়েছেন, ভোজিনিয়ার সেই ‘অনন্য ভূমিকা’কে স্মরণীয় করে রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কাকতালীয়ভাবে, স্পেনের জাতীয় ফুটবল দলের ডাকনাম ‘লা রোহা’ বা লাল দল। ওর্তেয়া তার প্রতিবেদনে লিখেছেন, ‘এই প্রজাতির লাল রংটি ভোজিনিয়ার সেই অবিস্মরণীয় কীর্তিকেই মনে করিয়ে দেয়।’
স্পেনের বিপক্ষে সেই ম্যাচের পর রাতারাতি ভোজিনিয়ার জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে ফেলে। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা মাত্র ৫০ হাজার থেকে একলাফে বেড়ে হয়ে যায় ১ কোটি ৭৪ লাখ! জনপ্রিয়তার এই জোয়ারে তিনি পেছনে ফেলে দেন যুক্তরাষ্ট্রের এনএফএল কিংবদন্তি টম ব্রেডির মতো বিশ্বখ্যাত অ্যাথলেটকেও।
৭৫ বছর বয়সী বিজ্ঞানী হেসুস ওর্তেয়া স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ‘প্রফেসর ইমেরিটাস’ এবং একজন অন্ধ ফুটবল ভক্ত। কেপ ভার্দের জলসীমায় গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে এই দ্বীপরাষ্ট্র তাকে ‘মেডেল অব মেরিট’ সম্মানে ভূষিত করেছিল।
বিজ্ঞানের সঙ্গে ফুটবলের এই ভালোবাসাকে মেলানোর কাজ ওর্তেয়া এবারই প্রথম করলেন না। এর আগেও তিনি কোস্টারিকায় আবিষ্কৃত একটি প্রাণীর নামকরণ করেছিলেন দেশটির সাবেক গোলরক্ষক কেইলর নাভাসের নামে, যিনি রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো ক্লাবে খেলেছেন।
এ ছাড়া স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিহনের জার্সির রঙের সঙ্গে মিল থাকা একটি ক্ষুদ্র প্রাণীর নাম তিনি রেখেছিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার কিনির নামে।
আরটিভি/এসআর