images

খেলা / ফুটবল

হঠাৎ কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৭:৪৭ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে টিকিটের পুনর্বিক্রয় (রিসেল) বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা গেছে। সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম কমেছে প্রায় ৫২ শতাংশ।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের বর্তমান মূল্য ১ হাজার ১৪২ ডলার। অথচ শেষ ষোলো পর্বের আগে একই টিকিট বিক্রি হচ্ছিল ২ হাজার ৩৮১ ডলারে। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে টিকিটের দাম কমেছে ১ হাজার ২৩৯ ডলার বা প্রায় ৫২ শতাংশ।

শুধু আর্জেন্টিনা ম্যাচই নয়, কোয়ার্টার ফাইনালের অন্যান্য ম্যাচের টিকিটের দামেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিতব্য স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম নেমে এসেছে ১ হাজার ৩৮১ ডলারে। যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে বিদায় নেওয়ার আগে একই টিকিটের মূল্য ছিল ৩ হাজার ২৬১ ডলার। ফলে এই ম্যাচে টিকিটের দাম কমেছে প্রায় ৫৮ শতাংশ।

অন্যদিকে, শনিবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ ডলার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জায়গা নিশ্চিত হওয়ার আগে একই টিকিটের দাম ছিল ৩ হাজার ৮৬৬ ডলার। এতে মূল্য কমেছে প্রায় ৪৭ শতাংশ।

বিশ্লেষকদের ধারণা, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্থানীয় সমর্থকদের চাহিদা কমে যাওয়ায় রিসেল বাজারে টিকিটের দাম দ্রুত নেমে এসেছে।

আরও পড়ুন
ENG-VS-NOR

হঠাৎ ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

তবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ, বিশ্বকাপের ফাইনালের টিকিটের চাহিদা এখনো তুঙ্গে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের জন্য ফিফা প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত আসন বিক্রির জন্য উন্মুক্ত করেছে।

ক্যাটাগরি-২ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৩৮০ ডলার। এছাড়া ক্যাটাগরি-১ টিকিটের দাম রাখা হয়েছে ১৯ হাজার ৯৯৫ ডলার থেকে সর্বোচ্চ ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত।

আরটিভি/এসকে