images

খেলা / ফুটবল

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০১:১৬ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে সামনে রেখে জার্সি নির্বাচন নিয়ে ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, ঐতিহ্যবাহী নীল-সাদা ডোরাকাটা হোম জার্সির পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা। এ জন্য ইতোমধ্যেই ফিফার কাছে অনুমতি চাওয়া হয়েছে।

এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। তার দাবি, মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার নীল অ্যাওয়ে জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই জার্সি পরে ৩-১ গোলের জয় পেয়েছিল লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে দেশটির ফুটবল সংস্কৃতিতে প্রচলিত ‘কাবালা’ বা সৌভাগ্য ও কুসংস্কারে বিশ্বাসকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। অতীতে গুরুত্বপূর্ণ ম্যাচে নির্দিষ্ট জার্সি ব্যবহার করে সাফল্য পাওয়ার স্মৃতি থেকেই এমন সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনটি ছিল নকআউট পর্বে। মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের জয় তিনটি, আর আর্জেন্টিনার দুটি। তবে আর্জেন্টিনার দুটি জয়ই এসেছে বিশেষ স্মরণীয় ম্যাচে ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার কিংবদন্তিতুল্য ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ এবং ১৯৯৮ সালের শেষ ষোলোতে টাইব্রেকারে জয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার দুই জয়ই এসেছে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে। ফলে অনেকের ধারণা, সেই সৌভাগ্যের ধারাবাহিকতা বজায় রাখতেই এবারও একই জার্সিতে মাঠে নামতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন
messi

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে যা জানালো সুপারকম্পিউটার

অন্যদিকে, জার্সি পরিবর্তনের পেছনে বাস্তবিক একটি কারণও রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করেছে ফিফা। সে কারণে নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরেই খেলতে হতে পারে। এখন শেষ পর্যন্ত তারা নীল জার্সি পরার অনুমতি পায় কি না, সেটিই দেখার অপেক্ষা।


আরটিভি/এসকে