মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:৩২ এএম
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পর সোমবার দলের নিয়মিত অনুশীলনে অংশ নেননি তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অনুশীলনের পরিবর্তে পুনরুদ্ধারমূলক (রিকভারি) কার্যক্রমে সময় কাটিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল কাটিয়ে সেমিফাইনালের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।
নকআউট পর্বে আর্জেন্টিনাকে টানা দুই ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে নামতে হওয়ায় দলের খেলোয়াড়দের ওপর পড়েছে বাড়তি শারীরিক চাপ। মেসিও এর ব্যতিক্রম নন।
সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে গোল করতে পারেননি মেসি। তবে আলেক্সিস মাক আলিস্তারের প্রথম গোলের আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অতিরিক্ত সময় শুরুর আগেও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মেসি জানান, টানা কঠিন লড়াইয়ের কারণে পুরো দলই ক্লান্ত। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দ্রুত সেরে ওঠার বিষয়ে আশাবাদী তিনি।
মেসি বলেন, আমরা ক্লান্তি অনুভব করছি, তবে যতটা সম্ভব ভালোভাবে নিজেদের পুনরুদ্ধার করব। এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব।
আরটিভি/এসকে