images

খেলা

সেমিফাইনালের আগে আলোচনায় স্কালোনি-বেকহ্যামের পুরোনো দ্বন্দ্ব

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:২৯ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচের আগে আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল স্কালোনি ও ডেভিড বেকহ্যামের পুরোনো এক দ্বন্দ্বের ঘটনা। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার অনেক আগে, খেলোয়াড় জীবনে লা লিগার এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিলেন এই দুই ফুটবল তারকা।

ঘটনাটি ঘটেছিল রিয়াল মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনিয়ার মধ্যকার এক শিরোপা নির্ধারণী ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে রাউলের গোলে ২-১ গো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ওই গোলের পরই কার্যত লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের।

আরও পড়ুন
Web-Image---Copy

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ মিলল সড়কে

ম্যাচের শেষদিকে মাঝমাঠে স্কালোনিকে পেছন থেকে ট্যাকল করেন বেকহ্যাম। ট্যাকলের ধাক্কায় দুজনই মাটিতে পড়ে যান। উঠে দাঁড়ানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা। একপর্যায়ে রবার্তো কার্লোসসহ অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে দুজনকে শান্ত করেন। পরে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।

ঘটনার কয়েক বছর পর সেই মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে স্কালোনি জানান, শিরোপা নির্ধারণী ম্যাচের চাপ ও শেষ মুহূর্তের হতাশা থেকেই ওই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ম্যাচের শেষ তিন মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ায় দেপোর্তিভোর খেলোয়াড়দের মধ্যে হতাশা তৈরি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে মাঠের সেই সংঘর্ষে।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতার অসংখ্য স্মরণীয় অধ্যায় রয়েছে। এর মধ্যে অন্যতম ২০০২ বিশ্বকাপের সেই ম্যাচ, যেখানে বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। সেই পরাজয় আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় বড় ধাক্কা হয়ে আসে এবং শেষ পর্যন্ত দলটি গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

আরটিভি/এমএইচজে