বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১০:৪৬ পিএম
প্রায় দেড়মাসের রোমাঞ্চ শেষে পর্দা নামতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের। রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। এই ম্যাচে বিরতির সময় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় পারফরম করবে বিশ্বসেরা তারকা।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিরতির সময় সুপার বোলের আদলে ১১ মিনিটের একটি বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন পপ তারকা ম্যাডোনা, কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফার অভ্যন্তরীণ সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হাফ টাইম বিরতি প্রায় ২০ মিনিট পর্যন্ত বাড়তে পারে। তবে আরেকটি বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের বিরতি শেষে অতিরিক্তভাবে ১১ মিনিটের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।
বর্তমান ফুটবল আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মাঝখানে খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ১৫ মিনিটের বিরতি নির্ধারিত রয়েছে।
এর আগেও ফিফার একটি টুর্নামেন্টে দীর্ঘ হাফ টাইম বিরতির নজির দেখা গেছে। গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস এবং ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে বিরতির সময় ২৪ মিনিটে পৌঁছেছিল।
এদিকে, রোববারের অনুষ্ঠানের শিল্পী তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। প্রধান শিল্পীদের পাশাপাশি বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সঙ্গে পিএস২২ কোরাসও অংশ নেবে। পুরো অনুষ্ঠানটির সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হবে। ম্যাচের আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।
সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।
উল্লেখ্য, ফাইনালে ইতোমধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ সময় রাত ৮টায়।
আরটিভি/এসআর