বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০২:৫৮ পিএম
আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর মাঠের একটি মুহূর্ত ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা। লিওনেল মেসির সঙ্গে জুড বেলিংহ্যামের উত্তপ্ত কথোপকথন নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও, ম্যাচ শেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইংলিশ মিডফিল্ডার।
বিশ্বকাপের সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ফলে টানা তৃতীয় ম্যাচে কামব্যাকের গল্প লিখে ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচ চলাকালীন এক পর্যায়ে মেসি ও বেলিংহ্যামকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। তবে ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহ্যাম জানান, ঘটনাটি ছিল শুধুই একটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ।
বেলিংহ্যাম বলেন, মেসির সঙ্গে আমরা একটি ফাউল নিয়ে কথা বলছিলাম। এর বাইরে বিশেষ কিছু নয়। আমি জানি সবাই এটাকে বড় করে দেখবে, কিন্তু আসলে তেমন কিছুই ঘটেনি।
সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে ইংল্যান্ডের এই তারকা বলেন, আমার মনে হয়েছিল একটু আগে একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, তাহলে আমার ওপর যে ফাউলটা করা হলো সেটার কী হবে? আমি তাকে বলেছিলাম, 'তুমি তো এই ধাক্কা সহ্য করার মতোই যথেষ্ট শক্তিশালী! ব্যস, কথোপকথন এতটুকুই ছিল।
— M (@Mlmiiv) July 15, 2026">twitter-frame
বেলিংহ্যামের মতে, সেমিফাইনালের মতো উচ্চ-চাপের ম্যাচে এমন আবেগপূর্ণ মুহূর্ত খুবই স্বাভাবিক। একই সঙ্গে তিনি মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, আমি পরাজিত দলের একজন, তাই কষ্টটা অনেক বেশি। তবে ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা সবসময়ই সৌভাগ্যের।
বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারার হতাশাও প্রকাশ করেছেন বেলিংহ্যাম। তিনি বলেন, এটা সত্যিই হৃদয়বিদারক। আমি ইংল্যান্ডের সেই দলের অংশ হতে চেয়েছিলাম, যারা অবশেষে ট্রফিটা জিতবে। ইংল্যান্ডের সমর্থকদের কাছে আমি দুঃখিত।
আরটিভি/এসকে