ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর উৎসবের আমেজে ভাসছে স্পেন। সেই আনন্দের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্প্যানিশ টেলিভিশন প্রতিবেদক সারা পোরারিয়া। অনেক স্প্যানিশ সমর্থক মজা করেই তাকে দলের ‘সৌভাগ্যের প্রতীক’ বলে আখ্যা দিচ্ছেন।
২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। ম্যাচে স্পেনের হয়ে গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো। এই জয়ের ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
সেমিফাইনালের পর সারা পোরারিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাচ-সংশ্লিষ্ট কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। লাল রঙের পোশাকে তোলা তার ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি তিনি স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলার সঙ্গে নেওয়া ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারের একটি ভিডিওও শেয়ার করেন।
প্রায় ৫৫ হাজার অনুসারী থাকা সারার পোস্টে ভক্তদের মন্তব্যে ভরে যায়। একজন সমর্থক লিখেছেন, ফাইনালেও লাল পোশাকই পরবেন। কারণ আপনি আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনেন। আরেকজনের মন্তব্য, ধন্যবাদ সারা, আমাদের সৌভাগ্য এনে দেওয়ার জন্য। আপনাকে দারুণ লাগছিল। অন্য একজন লিখেছেন, চমৎকার এবং মার্জিত।
আরেক সমর্থক মন্তব্য করেন, আপনি সূর্যের মতোই সুন্দর। কেউ আবার এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন অসাধারণ!
ফাইনালের আগে স্প্যানিশ সমর্থকদের মধ্যে এখন ফুটবল উন্মাদনার পাশাপাশি সারা পোরারিয়াকেও ঘিরে চলছে ব্যাপক আলোচনা। যদিও ‘সৌভাগ্যের প্রতীক’ বিষয়টি নিছক সমর্থকদের আবেগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মজার প্রতিক্রিয়া, তবুও বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের আগে তিনি হয়ে উঠেছেন স্পেনের ফুটবলপ্রেমীদের অন্যতম আলোচিত মুখ।
আরটিভি/এসকে



