শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৫:১৬ পিএম
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর ষষ্ঠ আসর শুক্রবার (১৭ জুলাই) মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী ম্যাচে মেহেদী হাসান মিরাজের গল গ্যালান্টসের মুখোমুখি হবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের দল জাফনা কিংস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল চারবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজির এক মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট। খেলাধুলাসংক্রান্ত দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষ হওয়ার পর এবং প্রমাণ মিললে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
শ্রীলঙ্কায় খেলাধুলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির ‘প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট’ অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কিংবা যেকোনো ধরনের কারচুপি দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে এবারের এলপিএলে অংশ নিচ্ছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। গল গ্যালান্টসের জার্সিতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। এছাড়া কলম্বো ক্যাপস দলে নিয়েছে পেসার হাসান মাহমুদকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসেরও গল গ্যালান্টসের হয়ে খেলার কথা ছিল। তবে চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। লিটনের পরিবর্তে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে গল গ্যালান্টস।
এমন পরিস্থিতিতে মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের এই বিতর্কও এলপিএলের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
আরটিভি/এসকে