images

খেলা / ফুটবল

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:০২ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের বিশ্বকাপ পূর্বাভাস। গত চারটি বিশ্বকাপে তাদের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে যাওয়ায় এবারের পূর্বাভাসও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপের আগে ইএ স্পোর্টস আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতে সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে আলবিসেলেস্তেরা। এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিয়েও নিজেদের সিমুলেশনের ফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, এবারের শিরোপা জিতবে স্পেন।

ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ফুটবল খেলেছে দুই দলই। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। তবে ম্যাচের আগেই ইএ স্পোর্টসের পূর্বাভাসে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। তাদের মতে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে 'লা রোহা'।

ইএ স্পোর্টসের পূর্বাভাস নিয়ে আলোচনার অন্যতম কারণ হলো তাদের সাম্প্রতিক সফলতা। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে আগেভাগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। চারবারই বাস্তবে সেই দলগুলো বিশ্বকাপ জিতেছে।

সবশেষ ২০০৬ বিশ্বকাপে তাদের পূর্বাভাস ভুল হয়েছিল। সেবার চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলা হলেও দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর টানা চারটি বিশ্বকাপে তাদের সিমুলেশন বাস্তব ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় এবারের পূর্বাভাসও গুরুত্ব পাচ্ছে।

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, পরিসংখ্যান, সিমুলেশন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বাভাস যতই স্পেনের পক্ষে থাকুক, মাঠের লড়াইয়ে শেষ কথা বলবেন ফুটবলাররাই। ৯০ মিনিট বা প্রয়োজনে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের লড়াই শেষে জানা যাবে, ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে কার নাম লেখা হবে ইতিহাসে।

আরও পড়ুন
lion

স্পেন নাকি আর্জেন্টিনা, কাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিল সিংহ

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার, বাংলাদেশ সময় রাত ১টায়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন।

আরটিভি/এসকে