images

খেলা / ফুটবল

এবারই প্রথম বিশ্বকাপজয়ীদের হাতে উঠবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:২২ পিএম

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল ও এমএলবির মতো পেশাদার ক্রীড়া লিগে চ্যাম্পিয়নশিপ রিং দীর্ঘদিনের ঐতিহ্য। সেই সংস্কৃতিকে অনুসরণ করে যুক্তরাষ্ট্রে আয়োজিত এবারের বিশ্বকাপ থেকেই এই নতুন সম্মাননা চালু করছে ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি রিং থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত সংগ্রহযোগ্য পণ্য হিসেবে বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বাজারে ছাড়া হবে।

রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য তৈরি প্রতিটি রিংয়ে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং তাদের আঙুলের মাপ অনুযায়ী এটি তৈরি করা হবে। প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে একটি সত্যায়নপত্রও।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী অস্থায়ী রিং তুলে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের জন্য নির্ধারিত ৩০টি কাস্টমাইজড রিং আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
worldcup-final-stadium

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু, আর্জেন্টিনা-স্পেনের খেলা নিয়ে সংশয়

এবারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। আগামী ১৯ জুলাই রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। বিশ্বকাপের ট্রফির পাশাপাশি ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নশিপ রিং কার হাতে উঠবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

আরটিভি/এসকে