images

খেলা / ফুটবল

৬৪ বছরের যে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম

বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার জন্য হতে পারে ইতিহাস গড়ার এক সুবর্ণ সুযোগ। শিরোপা জিততে পারলে শুধু বিশ্বকাপের মুকুটই ধরে রাখবে না লিওনেল স্কালোনির দল, ভেঙে দেবে দীর্ঘ ৬৪ বছর ধরে অটুট থাকা এক অনন্য রেকর্ডও।

সেমিফাইনালে ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করার পর থেকেই আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার সামনে থাকা সম্ভাব্য ইতিহাস। ফাইনালে জয় পেলে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল পরপর দুটি শিরোপা জয়ের সাফল্য অর্জন করেছে। প্রথমে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। এরপর ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে একই কৃতিত্ব দেখায়। তারপর থেকে আর কোনো দল এই রেকর্ড স্পর্শ করতে পারেনি।

যদিও বেশ কয়েকটি দল খুব কাছাকাছি পৌঁছেছিল। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, কিন্তু পশ্চিম জার্মানির কাছে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন ব্রাজিলও ১৯৯৮ সালে ফাইনালে উঠেছিল, তবে স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায়। সর্বশেষ ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ সালের ফাইনালে পৌঁছেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন হারায়।

বিশ্বকাপ ইতিহাসে এমন উদাহরণও রয়েছে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন দল পরবর্তী আসরে গ্রুপ পর্বই পেরোতে পারেনি। ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ইতালি ১৯৫০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। একইভাবে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে।

আরও পড়ুন
YAMAL-ND-GF

ইয়ামালের প্রেমিকার গলার নেকলেসে ‘গোপন’ সংখ্যার রহস্য

এবার আর্জেন্টিনার সামনে সুযোগ নতুন ইতিহাস লেখার। ফাইনালে জয় পেলে তারা শুধু আরেকটি বিশ্বকাপ ট্রফিই জিতবে না, বরং ছয় দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ডও নিজেদের করে নেবে।

আরটিভি/এসকে