রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৮:৪৩ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত কৃতিত্বে ইতিহাস গড়েছেন দলের তারকা ফরোয়ার্ড মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে যায় ফ্রান্স। তবে পরাজয়ের ম্যাচেও উজ্জ্বল ছিলেন ওলিসে। কিলিয়ান এমবাপ্পের দুই গোলেই অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা ৭-এ উন্নীত করেন তিনি।
এর মাধ্যমে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের গড়া ৬ অ্যাসিস্টের ৫৬ বছর পুরোনো রেকর্ড ভেঙে দেন ওলিসে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এখন এককভাবে দখলে ফরাসি এই তারকার।
বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন ওলিসে। সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে একটি অ্যাসিস্ট দিয়ে অভিযান শুরু করেন তিনি। এরপর ইরাকের বিপক্ষে করেন দুটি অ্যাসিস্ট। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানোর লড়াইয়েও জোড়া অ্যাসিস্ট করে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা পাঁচে নিয়ে যান। সবশেষে ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি অ্যাসিস্ট করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান তিনি।
বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্ট:
৭-মাইকেল ওলিসে (ফ্রান্স), ২০২৬
৬-পেলে (ব্রাজিল), ১৯৭০
৫-রবার্ট গাদোখা (পোল্যান্ড), ১৯৭৪
৫-পিয়েরে লিটবারস্কি (পশ্চিম জার্মানি), ১৯৮২
৫-দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ১৯৮৬
৫-টমাস হ্যাসলার (জার্মানি), ১৯৯৪
বিশ্বকাপে নামার আগেই দুর্দান্ত ফর্মে ছিলেন ওলিসে। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোলের পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ক্লাবের সেই অসাধারণ পারফরম্যান্স জাতীয় দলের জার্সিতেও ধরে রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই ফরাসি ফরোয়ার্ড।
ফ্রান্স শিরোপা জিততে না পারলেও, ব্যক্তিগত নৈপুণ্যে ২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখলেন মাইকেল ওলিসে।
আরটিভি/এসকে