মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৮:৫৩ এএম
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হলেও দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। রাজধানী বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর এবং হাজারো সমর্থকের ভালোবাসায় বরণ করে নেওয়া হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় দলের চার্টার্ড বিমান এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নামেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। তবে অধিনায়ক লিওনেল মেসি ও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় দেশে ফেরেননি।
দলকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে এএফএ। খেলোয়াড়দের জন্য বিছানো হয় লাল গালিচা, আর গ্রানাদেরোস অর্কেস্ট্রা পরিবেশন করে সমর্থকদের জনপ্রিয় গান ‘মুচাচো’। বিশ্বকাপ ট্রফি না থাকলেও পুরো পরিবেশজুড়ে ছিল জাতীয় দলের প্রতি সমর্থকদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে জড়ো হন হাজারো সমর্থক। জাতীয় পতাকা, জার্সি ও ব্যানার হাতে প্রিয় দলকে স্বাগত জানান তারা। হতাশার ছাপ থাকলেও সেটিকে ছাপিয়ে যায় দলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।
বিশ্বকাপ জিততে না পারায় এবার কোনো বিজয় উৎসবের আয়োজন করা হয়নি। এরপরও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্কালোনির শিষ্যরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা স্লোগান ও হাত নেড়ে ফুটবলারদের অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে সেই ভালোবাসার জবাব দেন।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হলেও দলের ঐক্য ও পারস্পরিক বন্ধন অটুট থাকবে বলেও উল্লেখ করা হয়।
দেশে না ফিরলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। তিনি লিখেছেন, ফাইনালের হার কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে এই বিশ্বকাপের অসংখ্য স্মৃতি তিনি আজীবন মনে রাখবেন। একই সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত দলের পাশে থাকা সমর্থকদের ধন্যবাদ জানান এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানান আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। ফাইনালের পর প্রধান কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি মেসি। ফলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ থাকলেও দেশে ফেরার দিনে আবারও প্রমাণ হয়েছে, আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের কাছে এই দল এখনো গর্ব ও আবেগের প্রতীক। বিশ্বকাপ ট্রফি ফিরিয়ে আনতে না পারলেও সমর্থকদের অফুরন্ত ভালোবাসা নিয়েই দেশে ফিরেছে আলবিসেলেস্তেরা।
আরটিভি/এসকে