images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা গোল খেতেই মাটিতে লুটিয়ে পড়লেন ব্রাজিল তারকা, ভিডিও ভাইরাল

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:১৫ এএম

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড ফেররান তোরেস। তবে ফাইনালের ফলের চেয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

ফেররান তোরেসের গোলের পর নিজের বাড়িতে বসেই দারুণ উচ্ছ্বাসে মেতে ওঠেন রিচার্লিসন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গোল হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আনন্দে মেঝেতে স্লাইড করেন, ঠিক যেন মাঠে গোল উদযাপন করছেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেক ফুটবল সমর্থক রিচার্লিসনের এই উদযাপনকে আর্জেন্টিনার প্রতি খোঁচা হিসেবেই দেখছেন। ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে তার এমন প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও রিচার্লিসন নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা হয়নি রিচার্লিসনের। প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া এবং কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত সিদ্ধান্তের কারণে তিনি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে ছিলেন।

এদিকে রিচার্লিসনের ক্লাব টটেনহ্যামের অধিনায়ক আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। ফলে তার এই উদযাপনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের রসিকতা ও আলোচনা চলছে।

আরও পড়ুন
ARGENTINA-TEAM

দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সবশেষ রিচার্লিসন বিশ্বকাপ খেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সে আসরে সার্বিয়ার বিপক্ষে তার দুর্দান্ত বাইসাইকেল কিক গোল ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তবে সেই গোলের পর তার উদযাপন ছিল তুলনামূলক শান্ত। এবার অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের গোল উদযাপনে তার উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

আরটিভি/এসকে