images

খেলা / ফুটবল

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবল, কবে শুরু কোন লিগ?

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:৪৯ এএম

স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা নামলেও ফুটবলপ্রেমীদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ নয়। প্রাক্-মৌসুম প্রস্তুতি, জমজমাট দলবদল এবং নতুন মৌসুমের উত্তেজনা নিয়ে আবারও মাঠে ফিরছে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল।

ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, লিগ আঁ ও বুন্দেসলিগাসহ ইউরোপের বড় বড় লিগগুলো আগামী আগস্ট থেকেই মাঠে গড়াবে। এর আগে মৌসুমের প্রথম শিরোপা নির্ধারণে অনুষ্ঠিত হবে কমিউনিটি শিল্ড, জার্মান সুপার কাপ এবং উয়েফা সুপার কাপ।

উয়েফা সুপার কাপ দিয়ে পর্দা উঠবে নতুন মৌসুমের
নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম বড় ট্রফি উয়েফা সুপার কাপ। আগামী ১২ আগস্ট ২০২৬ ইউরোপের দুই শীর্ষ ক্লাব পিএসজি ও অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে এই শিরোপা লড়াইয়ে। চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি এবং ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার এই লড়াই দিয়েই মূলত ইউরোপীয় ক্লাব ফুটবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

কমিউনিটি শিল্ড
ইংল্যান্ডে নতুন মৌসুমের আগে ১৬ আগস্ট রাত ৮টায় কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

লা লিগা
স্পেনের শীর্ষ লিগের নতুন মৌসুম শুরু হবে ১৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আলাভেস ও হেতাফে।

ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম মাঠে গড়াবে ২১ আগস্ট। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল খেলবে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটির বিপক্ষে।

লিগ আঁ
ফ্রান্সের শীর্ষ লিগও শুরু হবে ২১ আগস্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও স্ট্রাসবুর্গ।

সিরি ‘আ’
ইতালিয়ান লিগের পর্দা উঠবে ২২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে নবাগত মোনৎসার বিপক্ষে।

আরও পড়ুন
guilerMO

২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকোর গোলরক্ষক গুইলেরমো ওচোয়া

জার্মান সুপার কাপ ও বুন্দেসলিগা
জার্মান সুপার কাপে ২২ আগস্ট মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এরপর ২৮ আগস্ট বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্টের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুমের বুন্দেসলিগা।

বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলেও ইউরোপীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নতুন উত্তেজনা নিয়ে। আগস্টজুড়ে একের পর এক বড় ম্যাচে আবারও জমে উঠবে বিশ্ব ফুটবলের আসর। 

আরটিভি/এসকে