মেক্সিকান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক গুইলেরমো ওচোয়া ২২ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। মঙ্গলবার(২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ৪১ বছর বয়সী এই তারকা জানান, মাঠে আর দেখা যাবে না তাকে।
অবসরের ঘোষণায় আবেগঘন বার্তায় ওচোয়া বলেন, আমি আমার সবটুকু দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে নিজের সর্বস্ব উজাড় করে খেলেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।
তিনি আরও লেখেন, গোলরক্ষক হওয়ার অর্থ হলো এমন একটি মুহূর্তের জন্য ৯০ মিনিট অপেক্ষা করা, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে কোনো দ্বিধা করা যাবে না।
গত সপ্তাহে ৪১ বছরে পা দেওয়া ওচোয়া ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক আসর হিসেবে উল্লেখ করেছিলেন। এরপর নতুন কোনো ক্লাবে যোগ দিয়ে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও অবসরের ঘোষণার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন তিনি।
মেক্সিকোর হয়ে ছয়টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া ওচোয়া ফুটবল ইতিহাসের অন্যতম বিরল এই কীর্তির মালিক। এই তালিকায় রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা। ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি।
২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। সাত মৌসুম পর ২০১১ সালে ফরাসি ক্লাব আজাসিওতে যোগ দিয়ে ইউরোপে পাড়ি জমান। এরপর মালাগা, গ্রানাডা, স্তান্দার লিয়েজ, সালেরনিতানা, এভিএস ফুটবল এবং এইএল লিমাসোলের জার্সিতেও খেলেছেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আবারও ক্লাব আমেরিকায় ফিরে খেলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে রাউল রাঙ্গেলের ব্যাকআপ হিসেবে দলে ছিলেন ওচোয়া। গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ ম্যাচে শেষ ১৩ মিনিট মাঠে নামার সুযোগ পান। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে ক্যারিয়ারের শুরু হওয়া এস্তাদিও আজটেকার গোলপোস্টে চুমু দেন এবং সতীর্থ ও দর্শকদের কাছ থেকে বিদায় নেন।
ক্লাব ক্যারিয়ারে ক্লাব আমেরিকার হয়ে লিগ শিরোপা এবং স্তান্দার লিয়েজের হয়ে বেলজিয়ান কাপ জিতেছেন ওচোয়া। জাতীয় দলের হয়ে ছয়টি কনকাকাফ গোল্ড কাপ জয়ের পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকও অর্জন করেন তিনি।
অবসরের বার্তায় ওচোয়া লেখেন, আমি কখনো ভাবিনি একটি স্বপ্ন আমাকে এত দূর নিয়ে যাবে। আমি শুধু গর্ব নিয়ে পেছনে তাকাতে পারি এবং বলতে পারি ধন্যবাদ। আমি লাখো মানুষের ভালোবাসা এবং মেক্সিকোর হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার শান্তি সঙ্গে নিয়েই বিদায় নিচ্ছি।
আরটিভি/এসকে



