বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১২:০৬ পিএম
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদী। ব্যক্তিগত সিদ্ধান্তে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে অধিনায়কত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
২০২২ সালের শুরুতে আফগানিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব পান শহীদী। তার নেতৃত্বেই দলটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়। প্রায় সাড়ে চার বছর দায়িত্ব পালনের পর এবার নেতৃত্বের অধ্যায়ের ইতি টানলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শহীদী বলেন, “পূর্ণ সম্মান ও আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে আমি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এই দায়িত্ব পালন করা আমার জন্য ছিল অসাধারণ সম্মানের। সততা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দলের সেবা করতে পেরে আমি গর্বিত।”
শহীদীর নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনায় আসে দলটি। যদিও অল্পের জন্য নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি।
অধিনায়ক হিসেবে তিনি ৫৫টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে আফগানিস্তান জিতেছে ২৭টি ম্যাচ। এছাড়া তার নেতৃত্বেই এশিয়া কাপেও অংশ নেয় দলটি।
দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহীদী বলেন, আল্লাহর অশেষ রহমত এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক গুরুত্বপূর্ণ জয় পেয়েছি, শক্তিশালী দলগুলোকে হারিয়েছি এবং আফগানিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। এসব অর্জন পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অধিনায়কত্বের সময় ব্যাট হাতেও ছিলেন কার্যকর। নেতৃত্বে থাকাকালে তার ব্যাটিং গড় ছিল ৩৩.৭৯ এবং স্ট্রাইক রেট ৭০.৭৭। ৯৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরিটিও এসেছে অধিনায়ক থাকাকালীন। গত জুনে ভারতের বিপক্ষে ১৩১ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
শহীদীর পদত্যাগের ফলে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার চ্যালেঞ্জে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আরটিভি/এসকে