images

খেলা / ফুটবল

চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:৪৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি গ্রীষ্মকালীন দলবদলে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন করতে যাচ্ছে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টিন বারকোকে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি। দুই ক্লাবের মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন শুধু চেলসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

২১ বছর বয়সী বারকো গত মৌসুমে স্ট্রাসবার্গের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। রক্ষণভাগে দায়িত্ব পালনের পাশাপাশি আক্রমণেও কার্যকর ভূমিকা রাখার সক্ষমতার কারণে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের নজর কেড়েছিলেন তিনি।

মাঝমাঠের পাশাপাশি লেফট-ব্যাক পজিশনেও সমান দক্ষতায় খেলতে পারেন বারকো। তার এই বহুমুখী সামর্থ্য চেলসির স্কোয়াডে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে। একই মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্লুকো’-এর আওতায় থাকা স্ট্রাসবার্গ থেকে চেলসিতে যোগ দেওয়া পঞ্চম ফুটবলার হতে যাচ্ছেন তিনি।

২০২৪ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় ভ্যালেন্টিন বারকোর। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন এই প্রতিশ্রুতিশীল ফুটবলার। যদিও সে সময় কোচ লিওনেল স্কালোনির একাদশে সুযোগ হয়নি তার।

আরও পড়ুন
COPA-ND-EURO

ইউরো ও কোপা আমেরিকা কবে কখন শুরু

চেলসির হয়ে বারকোর আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা। তরুণ এই আর্জেন্টাইনকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।  

আরটিভি/এসকে