images

খেলা / ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডে ৫ নতুন নিয়ম

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৮:৫২ পিএম

নতুন ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে এগুলোকে ‘নিয়ম পরিবর্তন’ হিসেবে ঘোষণা করেনি, তবে গত মৌসুমের তুলনায় বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন বিধান কার্যকর হবে।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর সাম্প্রতিক আইন সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের ঘরোয়া ক্রিকেটে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কাছে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে।

ইচ্ছাকৃত নো-বলে কঠোর শাস্তি
আগে কোনো বোলার ইচ্ছাকৃতভাবে সামনের পায়ে নো-বল করলে তাকে শুধু ওই ইনিংসে আর বোলিং করতে দেওয়া হতো না। নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়ারের কাছে যদি এটি ইচ্ছাকৃত বলে প্রতীয়মান হয়, তাহলে ওই বোলার পুরো ম্যাচেই আর বোলিং করতে পারবেন না।

দিনের শেষ ওভারে উইকেট পড়লেও চলবে খেলা
নতুন নিয়মে দিনের খেলার শেষ ওভারে কোনো ব্যাটার আউট হলে সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ করা যাবে না। ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতেই হবে এবং নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা চালিয়ে যেতে হবে। এর মাধ্যমে ব্যাটিং দলের সম্ভাব্য কৌশলগত সুবিধা নেওয়ার সুযোগ কমবে।

ড্র নিশ্চিত হলেও নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ
আগে অনেক ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা থাকলে চতুর্থ ইনিংস আগেই ডিক্লেয়ার করা হতো বা খেলা শেষ করে দেওয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত ম্যাচ চালিয়ে যেতে হবে।

ওয়ানডেতে পানিপান বিরতিতে মাঠে যেতে পারবেন কোচ
ঘরোয়া একদিনের ম্যাচে পানিপানের বিরতির সময় কোচ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও আইসিসি ইতোমধ্যে একই ধরনের নিয়ম চালু করেছে।

উইকেটকিপারের গ্লাভসের নিয়মে পরিবর্তন
আগে বোলার রান-আপ শুরু করার মুহূর্ত থেকেই উইকেটকিপারের গ্লাভস স্টাম্পের পেছনে নির্ধারিত অবস্থানে রাখতে হতো। নতুন নিয়মে বোলার বল ছাড়ার ঠিক আগে গ্লাভস সঠিক অবস্থানে থাকলেই সেটি বৈধ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন
CASIMERO

মেসির সাথে খেলতেই ইন্টার মিয়ামি এসেছি: ক্যাসেমিরো

বিসিসিআই আশা করছে, নতুন মৌসুম থেকেই এসব নিয়ম কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে ঘরোয়া ক্রিকেট আরও সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক হবে।

আরটিভি/এসকে