images

খেলা / ফুটবল

ইংলিশ তারকা ফিল ফোডেনের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করল ম্যানসিটি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ১০:২২ পিএম

গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিল ফোডেনকে দীর্ঘমেয়াদে ধরে রাখার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আগামী মৌসুম শেষে ফোডেনের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন চুক্তির মাধ্যমে তার ভবিষ্যৎ নিশ্চিত করেছে সিটি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর বিকল্পও রাখা হয়েছে, ফলে ক্লাবটির সঙ্গে তার দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও দৃঢ় হলো।

নতুন প্রধান কোচ এনজো মারেস্কার অধীনে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবেই ফোডেনের চুক্তি নবায়ন করা হয়েছে। ক্লাবটি তাকে ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখছে।

গত মৌসুমে চোটের কারণে কঠিন সময় পার করেন ফোডেন। ফর্ম হারানোর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দলেও জায়গা হয়নি তার। তবে নতুন চুক্তি তার আত্মবিশ্বাস ফিরে পেতে এবং নতুন মৌসুমে নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ এনে দেবে।

চুক্তি নবায়নের পর ফোডেন বলেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে আমার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা আমার জন্য সবচেয়ে বড় আনন্দের। এই ক্লাবের হয়ে খেলাই সব সময় আমার স্বপ্ন ছিল। এই জার্সি গায়ে তোলা সব সময়ই গর্বের।

ম্যানচেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসা ফোডেন ইতোমধ্যেই ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। সিটির হয়ে তিনি এখন পর্যন্ত জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ।

আরও পড়ুন
karim-adeymi

জার্মান ফরোয়ার্ডকে দলে ভেড়াল বার্সেলোনা

এই সাফল্যের মাধ্যমে তিনি ক্লাবটির ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড়দের একজন। এই তালিকায় তার সঙ্গে ছিলেন বার্নার্দো সিলভা ও জন স্টোনস, যারা গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে গেছেন।

আরটিভি/এসকে