শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৬:২৩ পিএম
বিশ্বকাপ শুরুর আগেই ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন পেপ গার্দিওয়ালা। এখনও কোনো ক্লাবের সঙ্গে চুক্তিও করেননি। তবে গুঞ্জন রয়েছে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এই কিংবদন্তি কোচ।
গার্দিওয়ালাকে ডাগআউটে আনার জন্য এমনকি নিজেদের আর্থিক নিয়মনীতি শিথিল করতেও রাজি ছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে ইতালির সেই স্বপ্নে জল ঢেলে দিলেন গার্দিওয়ালা নিজেই; চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জাতীয় দলের কোচের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগোর মুখে শোনা গিয়েছিল গার্দিওলাকে কোচ বানানোর সম্ভাবনার কথা।
বিশাল অঙ্কের বেতনের পাশাপাশি ইতালিয়ান ফুটবল ফেডারেশন গার্দিওয়ালাকে পুরো জাতীয় দলের দায়িত্ব ও পরিকল্পনা নিজের মনের মতো সাজানোর পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
টানা তিনটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা যেকোনো মূল্যে আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই মাস্টারমাইন্ডকে ডাগআউটের দায়িত্ব দিতে চেয়েছিল। তবে বিসিবি জানিয়েছে প্রস্তাবটি ভেবে দেখার জন্য কিছুদিন সময় নেওয়ার পর শেষ পর্যন্ত ‘না’ বলে দিয়েছেন গার্দিওয়ালা।
এফআইজিসি-কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল থেকে কিছুদিনের সাময়িক বিরতি নেওয়ার যে পূর্বপরিকল্পনা তার ছিল, তিনি সেটাই বজায় রাখবেন। এই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে, বিশ্রাম নিতে এবং ঘুরে বেড়াতে চান।
এর আগে এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, ইতালি প্রথমে তাদের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ব্রাজিল দলের কোচের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল। তবে আনচেলত্তি ব্রাজিলেই থেকে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন।
ম্যানচেস্টার সিটি ছাড়ার আগেই গার্দিওয়ালা ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিনের ক্লান্তির কারণে তিনি হুট করে কোনো নতুন ক্লাবে বা দলে যোগ দেবেন না। ঠিক যেমনটা ইর্য়ুগেন ক্লপ লিভারপুল ছাড়ার সময় বলেছিলেন। তবে গার্দিওলার উল্টো পথে হেঁটে ফুটবলের ব্যস্ততায় ফিরেছেন ৫৯ বছর বয়সী ক্লপ।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির ডাগআউটে দেখা যাবে তাকে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে পদত্যাগ করেন জেন্নারো গাতুসো। গার্দিওয়ালা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নতুন কোচ খোঁজার কাজ কঠিন হয়ে পড়েছে ইতালির জন্য।
এই দৌড়ে পিরলোর পাশাপাশি ইতালিকে ইউরো ২০২০ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির নামও নতুন করে আলোচনায় এসেছে।
আরটিভি/এসআর