শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৯:৪৮ পিএম
নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্টের প্রথম আসরে টুর্নামেন্টের সমাপনী দিনে ক্রিকেটে রোমাঞ্চকর ফাইনালে জয় তুলে নিয়ে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা অঞ্চল।
শুক্রবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালেই বৃষ্টি হানা দিলেও নাটকিয়তার কোনো কমতি ছিল না। কাকতালীয়ভাবে ১৯ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে রাজধানীর দলটি।
বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনালটি নামিয়ে আনা হয় ৫ ওভারে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ঢাকা অঞ্চল শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের প্রথম ওভারেই নুসরাত জাহান জুথির বোলিং তোপে দুই উইকেট (রওনক জাহান নওশিন ও আফরোজা জাহান মিম) হারিয়ে প্রবল চাপে পড়ে ঢাকা।
তবে বিপদের মুহূর্তে দলের হাল ধরেন অধিনায়ক আফনান জামান আথাই। ১১ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৩ রান উপহার দিয়ে দলকে ৫ ওভারে ৪ উইকেটে ৪৮ রানের লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।
৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা অঞ্চলের বোলার রিয়া মনির ধারালো বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে ধসে পড়ে ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ।
নিজের প্রথম ওভারেই ময়মনসিংহের অধিনায়ক নাদিয়া আক্তারকে বোল্ড করেন রিয়া। পরবর্তীতে সাদিয়া আফরিনকেও সাজঘরে ফেরান তিনি। এর মাঝে পরপর তিনটি রানআউটে ময়মনসিংহের ইনিংসের মেরুদণ্ড ভেঙে পড়ে।
মাত্র ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ময়মনসিংহ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৫ ওভারে ৬ উইকেটে ২৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ১৯ রানের স্বস্তিদায়ক জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা অঞ্চল।
২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রিও মনি।
আরটিভি/এসআর