নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্টের প্রথম আসরে টুর্নামেন্টের সমাপনী দিনে ক্রিকেটে রোমাঞ্চকর ফাইনালে জয় তুলে নিয়ে বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী অঞ্চল।
শুক্রবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালেই বৃষ্টি হানা দিলেও নাটকিয়তার কোনো কমতি ছিল না। কাকতালীয়ভাবে ১৯ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে রাজশাহী।
ফাইনালের মেগা মঞ্চে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী অঞ্চল। ব্যাটিংয়ে নেমেই রংপুর অঞ্চলের বোলারদের ওপর রীতিমতো তণ্ডব চালান রাজশাহীর ব্যাটার মোহাম্মদ শারাফাত সাদিদ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় রাজশাহী।
পাহাড়সম এই রান গড়ার পেছনে মূল নায়ক ছিলেন ম্যাচসেরা সাদিদ। তিনি মাত্র ২৬ বলে ৫টি চার ও ৮টি দৃষ্টিনন্দন ছক্কার সাহায্যে অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে রংপুর অঞ্চল শুরু থেকেই রাজশাহীর আঁটসাঁট বোলিংয়ের মুখে চাপে পড়ে। ম্যাচের মাঝপথে হঠাৎ বৃষ্টি হানা দিলে ডিএলএস (DLS) পদ্ধতিতে খেলার দৈর্ঘ্য কমিয়ে ৩ ওভারে আনা হয় এবং রংপুরের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান।
এই সংক্ষিপ্ত ওভারে রংপুর ৩ উইকেট হারিয়ে ২৭ রান তুলতে সক্ষম হয়। ফলে ডিএলএস পদ্ধতিতে ১৯ রানের জয় নিয়ে আনন্দে মেতে ওঠে রাজশাহীর ক্রিকেটাররা।
আরটিভি/এসআর



