শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৪:৩৬ পিএম
ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই এবারও হতে পারে, তবে সেটি নির্ভর করছে দুই দলের পারফরম্যান্সের ওপর। ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ পাবে কেবল সেমিফাইনাল বা ফাইনালে।
জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।
অন্যদিকে আফগানিস্তান, জাপান ও নেপালকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে চার শীর্ষ বাছাই দলের বিপক্ষে খেলবে।
টুর্নামেন্টের ড্র অনুযায়ী, ভারত ও পাকিস্তান ভিন্ন অংশে থাকায় তাদের একমাত্র সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনালে।
এদিকে মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। আট দলের এই আসরে কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।
রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলছে না। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই এখন সীমাবদ্ধ আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত টুর্নামেন্ট এবং বহুজাতিক প্রতিযোগিতায়।
আরটিভি/এসকে