images

খেলা / ক্রিকেট

অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৮:৪৭ পিএম

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হারের পর সমালোচনার মুখে পড়েছিল ভারত। টানা ছয় ম্যাচে পরাজয়ের সেই হতাশা কাটিয়ে অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লুরা।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে ভারত। ইনিংসের শুরুতে বৈভব সূর্যবংশী ২০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। অন্য ওপেনার অভিষেক শর্মাও মাত্র ৮ রান করে বিদায় নেন। ২৯ রানে দুই উইকেট হারানোর পর ইশান কিষাণ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৬৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। শ্রেয়াস ২০ বলে ২৫ রান করেন।

এরপর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ইশান কিষাণ ৯৪ রানের দুর্দান্ত জুটি গড়ে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ইশান ৪৪ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৮১ রান করেন। তিলক ভার্মা ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬০ রান করে দলের স্কোর ২১৯-এ পৌঁছে দেন।

২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। এছাড়া তাদিওয়ানাশে মারুমানি ২৪ এবং রায়ান বার্ল ২০ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ১৭.৫ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

বল হাতে ভারতের হয়ে অভিষেক শর্মা ছিলেন সবচেয়ে সফল। তিনি ২.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। যশ ঠাকুর ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান।

আরও পড়ুন
sianr

কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার-জোকোভিচ

এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল ভারত। সাম্প্রতিক ব্যর্থতার পর এই সিরিজ জয় দলটির আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।

আরটিভি/এসকে