images

খেলা / ফুটবল

মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে, প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন কিংবদন্তিকে

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:৪০ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে আবারও প্রশংসায় ভাসালেন লিওনেল মেসিকে। তিনি বলেছেন, মেসির খেলা উপভোগ না করা অসম্ভব এবং আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো উচিত।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিকেলমে বলেন, মেসি অন্য সবার চেয়ে ভিন্নভাবে ফুটবল খেলেন। মাঠে তিনি হাঁটতে হাঁটতেই খেলার গতিপ্রকৃতি বিশ্লেষণ করেন এবং মুহূর্তের মধ্যেই এমন সিদ্ধান্ত নেন, যা অন্যদের কল্পনারও বাইরে।

রিকেলমের ভাষায়, “মেসি ফুটবল খেলছে, আর সেটা উপভোগ না করা অসম্ভব। সে হাঁটে, পর্যবেক্ষণ করে ম্যাচ কোনদিকে এগোচ্ছে। আমরা যখন গ্যালারিতে বা টিভির সামনে উদ্বিগ্ন থাকি, তখন সেও মাঠে থেকে পুরো খেলাটা পড়ছে। সে একেবারে ভিন্নভাবে খেলে, তাই এটা বিস্ময়কর।”

মেসির অসাধারণ প্রতিভার প্রশংসা করতে গিয়ে বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি বলেন, সময়ের সঙ্গে নিজেকে আরও সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ছোটবেলায় তার গতি ছিল অবিশ্বাস্য, পরে যোগ হয়েছে নিখুঁত পাস, দুর্দান্ত ফ্রি-কিক এবং গোল করার অসাধারণ দক্ষতা।

রিকেলমে বলেন, সে এমন কিছু ভাবে, যা অন্যদের কল্পনারও বাইরে। ছোটবেলায় সবাই বলত, সে বলের চেয়েও দ্রুত দৌড়াতে পারে। এরপর সে পাস দেওয়া, ফ্রি-কিক থেকে গোল করা সবকিছুই আয়ত্ত করেছে। ২০ বছর ধরে সে নিজেকে সেরা প্রমাণ করে যাচ্ছে। এখন আর তার কোনো কিছুই আমাকে অবাক করে না।

মেসির জাতীয় দল বেছে নেওয়ার সিদ্ধান্তের কথাও স্মরণ করিয়ে দেন রিকেলমে। শৈশবে স্পেনে চলে গিয়ে বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠায় স্পেনের হয়ে খেলার সুযোগ ছিল তার। তবে সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে জন্মভূমি আর্জেন্টিনার জার্সিই বেছে নেন তিনি।

আরও পড়ুন
lara

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট

এ প্রসঙ্গে রিকেলমে বলেন, তাকে ধন্যবাদ জানানো ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা আর্জেন্টাইনরা সৌভাগ্যবান যে সে স্পেনকে নয়, আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিল।

আরটিভি/এসকে