মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১১:০৭ এএম
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং স্পেলে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ম্যাচে টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচটি উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। বল-টু-বল পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর এই প্রথম কোনো বোলার টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে প্রতিটি ওভারেই একটি করে উইকেট নিলেন।
সোমবার (২৭ জুলাই) তৃতীয় দিনের শুরুতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৯ রান। মধ্যাহ্নবিরতির আগে ৬৩ ওভারে ৪ উইকেটে ২৪৪ রান তুলে সফরকারীরা ছিল শক্ত অবস্থানে। তবে তখনও গ্রিভসের বোলিং পরিসংখ্যান ছিল ৬ ওভারে ২৭ রান, কোনো উইকেট নেই। এরপরই ম্যাচের চিত্র বদলে দেন এই ক্যারিবীয় পেসার।
৬৪তম ওভারে সেঞ্চুরি করা অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে সূচনা করেন গ্রিভস। এরপর ৬৬তম ওভারে আমের জামাল, ৬৮তম ওভারে আলী উসমান, ৭০তম ওভারে মোহাম্মদ রিজওয়ান এবং ৭২তম ওভারে মোহাম্মদ আব্বাসকে আউট করে টানা পাঁচ ওভারে পাঁচ উইকেটের অনন্য কীর্তি গড়েন তিনি। প্রতিটি ওভারই ছিল মেডেন, ফলে পাকিস্তানের দৃঢ় অবস্থান মুহূর্তেই ভেঙে পড়ে।
শেষ পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তারা ২৯ রানে পিছিয়ে থাকে। একই সঙ্গে গ্রিভস টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন।
তবে পঞ্চম উইকেট নেওয়ার পরও তাকে আর বোলিংয়ে রাখা হয়নি। ৭২তম ওভারে মোহাম্মদ আব্বাসকে আউট করার পর পরের ওভার করেন কেমার রোচ। এরপর ৭৪তম ওভারে অধিনায়ক রোস্টন চেজ গ্রিভসকে আক্রমণ থেকে সরিয়ে জেইডেন সিলসকে বোলিংয়ে আনেন।
দিনের খেলা শেষে গ্রিভস বলেন, বল কিছুটা সুইং করছিল এবং তিনি সেই সুবিধা কাজে লাগাতে পেরেছেন। দলের প্রয়োজনের সময় কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলাই তার লক্ষ্য বলে জানান তিনি। প্রথমবার টেস্টে পাঁচ উইকেট পাওয়ায় দারুণ আনন্দিত হলেও ম্যাচে এখনো অনেক কাজ বাকি বলেও মন্তব্য করেন এই অলরাউন্ডার।
অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও চাপে পড়ে। পাকিস্তানের চার পেসারের দাপটে ৯৩ রানেই ৭ উইকেট হারায় স্বাগতিকরা। পরে অষ্টম উইকেটে কেমার রোচ ও শামার জোসেফ অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন। জোসেফ ২২ এবং রোচ ৫ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১২৬ রান। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ রানে। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ১৪ রানে ৩ উইকেট শিকার করেন। খুররম শাহজাদ নেন ২ উইকেট, আর মোহাম্মদ আলী ও আমের জামাল একটি করে উইকেট পান। পুরো দিনে দুই দলের মিলিয়ে ১৪টি উইকেটের পতন হয়।
আরটিভি/এসকে