images

খেলা / ফুটবল

লাল কার্ডের জেরে রেফারিকে মাথা দিয়ে আঘাত, ভাঙল মুখের হাড়

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০১:০৯ পিএম

ব্রাজিলের একটি অপেশাদার ফুটবল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে রেফারির ওপর হামলার ঘটনা ফুটবলাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ম্যাচ চলাকালে এক খেলোয়াড় মাথা দিয়ে সজোরে আঘাত করলে রেফারির মুখের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের মতে, তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

সম্প্রতি ব্রাজিলের ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস অ্যামেচার চ্যাম্পিয়নশিপে প্রোজেতো অ্যাথেনাস ও সালভে কেব্রাদা দলের ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটি পরিচালনা করছিলেন রেফারি জুলিয়ানো আসিস দে সুজা।

স্থানীয় গণমাধ্যম ওলে ডটকমের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালে সহিংস আচরণের অভিযোগে প্রোজেতো অ্যাথেনাসের খেলোয়াড় ফ্যাবিনহোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এতে ক্ষুব্ধ হয়ে ফ্যাবিনহো প্রথমে রেফারির দিকে তেড়ে যান। পরে আচমকা মাথা দিয়ে রেফারির মুখে জোরালো আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

ঘটনার পর মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত খেলোয়াড় পালিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার পর কঠোর ব্যবস্থা নিয়েছে ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল। অভিযুক্ত ফ্যাবিনহোকে পৌরসভা আয়োজিত সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তার দল প্রোজেতো অ্যাথেনাসকে চলমান টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দেশটির ঘরোয়া প্রতিযোগিতায় দলটির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন
nahid-rana_20260725_191721907

চিকিৎসার জন্য আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

আহত রেফারি জুলিয়ানো আসিস দে সুজা জানিয়েছেন, হামলার ঘটনায় তিনি ফ্যাবিনহোর বিরুদ্ধে ফৌজদারি মামলা করবেন। অন্যদিকে প্রোজেতো অ্যাথেনাস এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত খেলোয়াড়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গ ও সহিংস আচরণের অভিযোগে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আরটিভি/এসকে