বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ গতিতারকা নাহিদ রানা উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার(২৮ জুলাই) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে খেলতে না গেলেও চোটের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতেই তাকে দেশটির একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে সফরের পর জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে আক্রান্ত হয়েছেন। পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং ব্যাটার লিটন দাসসহ কয়েকজনের ইনজুরি অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত নাহিদ, শরিফুল ও লিটনকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি।
প্রাথমিকভাবে নাহিদ রানার দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা থাকলেও, তার দ্রুত ও উন্নত চিকিৎসার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। সেখানে পৌঁছে তিনি একজন খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন সেই পরিকল্পনা অনুযায়ী চলবে।
বিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন নাহিদ রানা। একই ফ্লাইটে তার সঙ্গে থাকবেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। তবে নাহিদ পুরো সফর চিকিৎসায় ব্যস্ত থাকলেও তাসকিন অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।
এর আগে বিসিবি জানিয়েছিল, নাহিদ রানার সম্পূর্ণ সুস্থ হতে আনুমানিক ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। প্রথম চার সপ্তাহে তার চোটের পুনর্বাসন চলবে। এরপর ধাপে ধাপে বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন হবে। ফলে আপাতত মাঠের বাইরে থেকেই নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন বাংলাদেশের এই উদীয়মান পেসার।
আরটিভি/এসকে



