images

খেলা / ফুটবল

আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৭:৫৮ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর লাল কার্ড পাওয়া উচিত হয়নি। এক পরিপত্রে ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ক্ষেত্রে ভিডিও সহকারী রেফারির ক্ষমতা স্পষ্ট করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

জানা গেছে, গত ২৭ জুলাই প্রকাশিত ৩৪ নম্বর পরিপত্রে বিষয়টি স্পষ্ট করেছে আইএফএবি। তাদের ব্যাখ্যা অনুযায়ী, এমবোলোর ঘটনায় ভিএআর নির্ধারিত সীমার বাইরে গিয়ে মূল অপরাধই পরিবর্তন করেছিল।

আরও পড়ুন
copy

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

গত ১১ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচের ৭১তম মিনিটে ঘটনাটি ঘটে। এমবোলোর সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষের পর আর্জেন্টাইন মিডফিল্ডারকে হলুদ কার্ড দেখান রেফারি জোয়াও পিনেইরো।

ভিএআর পরে ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর নিয়মে ঘটনাটি পর্যালোচনার জন্য রেফারিকে ডাকে। রিপ্লে দেখে পারেদেসের কার্ড বাতিল করেন পিনেইরো। একই সঙ্গে পড়ে গিয়ে ফাউল আদায়ের চেষ্টা করার অভিযোগে এমবোলোকে হলুদ কার্ড দেখান। ম্যাচে সেটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, ফলে মাঠ ছাড়তে হয় সুইস ফরোয়ার্ডকে।

তখন ম্যাচের স্কোর ছিল ১-১। বাকি সময় ১০ জন নিয়েও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সমতা ধরে রাখে সুইজারল্যান্ড। তবে অতিরিক্ত সময়ে দুই গোল করে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে।

আইএফএবির নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, সাধারণ কোনো হলুদ কার্ড ভিএআর শুধু একই অপরাধের জন্য সঠিক খেলোয়াড়কে শনাক্ত করতে পর্যালোচনা করতে পারে। কিন্তু যে অপরাধের জন্য প্রথম সিদ্ধান্তটি দেওয়া হয়েছিল, সেটি বদলে সম্পূর্ণ ভিন্ন অপরাধ নির্ধারণ করার সুযোগ নেই।

অর্থাৎ ভিএআর পারেদেসের কার্ডটি ভুল কি না, তা দেখতে পারলেও এমবোলোর অভিনয় শনাক্ত করে নতুন করে তাকে হলুদ কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারত না। এমবোলো সত্যিই পড়ে গিয়ে ফাউল আদায়ের চেষ্টা করেছিলেন কি না, এখানে সেটি মূল প্রশ্ন নয়। বর্তমান নিয়মে ওই সিদ্ধান্তে পৌঁছাতে ভিএআরের হস্তক্ষেপের অনুমতি ছিল না।

ম্যাচের পরই সিদ্ধান্তটির তীব্র সমালোচনা করেছিলেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। তিনি বলেছিলেন, রেফারির ভুল সিদ্ধান্ত এবং নিয়মটির প্রয়োগ তাদের ম্যাচ ধ্বংস করে দিয়েছে।

বিশ্বকাপে অভিনয়ের ঘটনা শনাক্ত করতে ভুল পরিচয়ের ধারাটি ব্যবহারের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করবে আইএফএবি। ভবিষ্যতে ভিএআরকে এমন ক্ষমতা দেওয়া হতে পারে। তবে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এভাবে অভিনয়ের ঘটনা যাচাই করা যাবে না বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

নতুন ব্যাখ্যা এমবোলোর বহিষ্কারকে ভুল প্রমাণ করলেও ম্যাচের ফল পরিবর্তন কিংবা ঘটনাটি নিয়ে অন্য কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি আইএফএবি।

আরটিভি/এসআর