images

খেলা / ফুটবল

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় ফিফা একমত নয়

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০১:২২ পিএম

বিশ্বকাপে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবহারের একটি বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক দুই সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ও ফিফা-র মধ্যে ব্যাখ্যাগত ভিন্নমত দেখা দিয়েছে।

আইএফএবির সাম্প্রতিক পর্যালোচনায় ২০২৬ বিশ্বকাপের দুটি ম্যাচে ভিএআরের ভুল প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ঘটনাটি অন্যতম। সংস্থাটির মতে, সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে যেভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটি ফুটবল আইনের সঠিক প্রয়োগ ছিল না।

আইএফএবি ব্যাখ্যা দিয়েছে, ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবল অপরাধ করা খেলোয়াড়কে সঠিকভাবে শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। এই ধারার মাধ্যমে কোনো অপরাধের ধরন পরিবর্তন করা বা নতুন করে মূল্যায়ন করা যাবে না। তাদের মতে, এম্বোলোর ঘটনায় এই বিধানের ভুল প্রয়োগ হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ফিফা। সংস্থাটি বলছে, সিদ্ধান্তটি ফুটবল আইনের মূল উদ্দেশ্য বা ‘স্পিরিট অব দ্য ল’ অনুসরণ করেই নেওয়া হয়েছে এবং আইএফএবির ব্যাখ্যাও এর সঙ্গে সাংঘর্ষিক নয়।

এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ম্যাচে মিগেল আলমিরনকে ঘিরে একই ধরনের ঘটনাতেও একই ব্যাখ্যা অনুসরণ করা হয়েছিল। পুরো ২০২৬ বিশ্বকাপজুড়েই ‘মিসটেকেন আইডেন্টিটি’ নীতির একই ধরনের প্রয়োগ করা হয়েছে বলেও দাবি সংস্থাটির।

ফিফা আরও বলেছে, কোনো খেলোয়াড়ের সিমুলেশন বা ডাইভিংয়ের কারণে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত নয়, যার ফলে দ্বিতীয় হলুদ কার্ড বা কার্ড জমার কারণে অতিরিক্ত নিষেধাজ্ঞার মতো পরিণতি তৈরি হয়। এম্বোলোর ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ভবিষ্যতে বিভ্রান্তি এড়াতে নিয়মটি আরও স্পষ্টভাবে পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন
SAKIB

অনেকে ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব

তবে ফিফার মতে, এ ঘটনায় রেফারি বা ভিএআরের কোনো ভুল ছিল না। সংস্থাটি জানিয়েছে, সিদ্ধান্তটি ন্যায্যতা নিশ্চিত করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল। একই সঙ্গে আইএফএবির সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে ভিএআর প্রোটোকল সংশোধনের আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানিয়েছে ফিফা।

আরটিভি/এসকে