বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:০৯ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের আনন্দে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সম্মান জানিয়ে নিজের হাতে নতুন একটি ট্যাটু করিয়েছেন এই স্প্যানিশ তারকা।
বিশ্বকাপ শুরুর আগেই কুকুরেয়া ঘোষণা দিয়েছিলেন, স্পেন যদি ২০২৬ সালের বিশ্বকাপ জেতে, তাহলে কোচ দে লা ফুয়েন্তের স্মরণে একটি বিশেষ ট্যাটু আঁকাবেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের পর সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ দিলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাটু করার মুহূর্ত এবং সম্পূর্ণ ট্যাটুর ছবি প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। তার ডান হাতের বাহুতে করা ট্যাটুতে দেখা যায়, কোচ দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ট্রফি হাতে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ট্যাটুর পেছনে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল লোগোও।
ছবির ক্যাপশনে কুকুরেয়া লিখেছেন, "Promise kept" (প্রতিশ্রুতি রক্ষা করলাম)।
উল্লেখ্য, ইউরো ২০২৪-এর শিরোপা জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও স্পেনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুকুরেয়া। সম্প্রতি তিনি প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে ৫১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।
আরটিভি/এসকে