বিশ্বকাপ শেষ হলেও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন দলের পারফরম্যান্স। এবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ভূয়সী প্রশংসা করে এবং আর্জেন্টিনাকে ‘ভুল উদাহরণ’ আখ্যা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জার্মান ফুটবল কিংবদন্তি রুডি ফোলার।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) পরিচালক ফোলার স্পষ্ট ভাষায় বলেছেন, জার্মানিকে তিনি কখনোই আর্জেন্টিনার মতো খেলতে দেখতে চান না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস এর প্রতিবেদনে উঠে এসেছে তার এই মন্তব্য।
জার্মানিতে আয়োজিত একটি আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, অনেকেই জার্মান ফুটবলের ভবিষ্যতের জন্য আর্জেন্টিনাকে অনুসরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরছেন। তবে তিনি এই মতের সঙ্গে একেবারেই একমত নন।
তার ভাষায়, জার্মানি হিসেবে আমাদের আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। অনেকেই আর্জেন্টিনাকে উদাহরণ হিসেবে দেখাচ্ছেন, কিন্তু আমি মনে করি সেটা ভুল। হঠাৎ করেই আর্জেন্টিনা সবার কাছে মানদণ্ড হয়ে গেছে। এটা আমার কাছে কিছুটা ভণ্ডামি মনে হয়েছে। আমি আর্জেন্টিনার মতো খেলতে চাই না। ওদের খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, তারা বিশ্বচ্যাম্পিয়ন ছিল, এবার রানার্সআপ হয়েছে। কিন্তু সত্যি বলতে, তাদের নিয়ে এত প্রশংসা আমি বুঝতে পারি না।
আর্জেন্টিনার সমালোচনা করলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রশংসায় ছিলেন উদার ফোলার। তার মতে, আধুনিক ফুটবলে ভারসাম্যপূর্ণ খেলায় স্পেনই অনুসরণযোগ্য দল।
তিনি বলেন, স্পেন যে প্রশংসা পেয়েছে, তার পুরোপুরিই প্রাপ্য। শুধু বল দখল বা আক্রমণ নয়, তারা যেভাবে রক্ষণ সামলায় সেটাও অসাধারণ। আমাদের অনুসরণ করার মতো দল স্পেন। ইংল্যান্ডের খেলাও আমার খুব ভালো লেগেছে।
ফোলারের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হলেও, আর্জেন্টিনা সমর্থকদের বড় একটি অংশ এর তীব্র সমালোচনা করছেন।
অবশ্য আর্জেন্টিনাকে নিয়ে ফোলারের এমন মন্তব্য নতুন নয়। ২০২২ বিশ্বকাপের পরও তিনি বলেছিলেন, লিওনেল মেসি অসাধারণ ফুটবলার, তাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সবাই দেখতে চেয়েছিল। কিন্তু মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা যে আমাদের চেয়ে ভালো দল, সেটা কেউ আমাকে বোঝাতে পারবে না।
আর্জেন্টিনার সঙ্গে ফোলারের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসও বেশ পুরোনো। ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পশ্চিম জার্মানির হয়ে গোল করেছিলেন তিনি, যদিও তার দল ৩-২ ব্যবধানে হেরে যায়। চার বছর পর ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেই আক্ষেপ ঘোচানোর আনন্দও উপভোগ করেন জার্মান ফুটবলের এই কিংবদন্তি।
আরটিভি/এসকে



