images

খেলা / ফুটবল

ব্রাজিলে ফুটবলারদের জন্য আদালতের ব্যতিক্রমী শাস্তি নির্ধারণ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০২:৩৩ পিএম

ব্রাজিলিয়ান ফুটবলে বিরল এক নজির স্থাপন করেছে দেশটির সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। প্রতিপক্ষ খেলোয়াড়কে গুরুতর আহত করার ঘটনায় ইন্টারন্যাসিওনালের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েলকে এমন শাস্তি দেওয়া হয়েছে, যা সাধারণ লাল কার্ড বা কয়েক ম্যাচের নিষেধাজ্ঞার বাইরে।

আদালতের রায় অনুযায়ী, ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক চিকিৎসকদের কাছ থেকে অনুশীলনে ফেরার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভিক্টর গ্যাব্রিয়েল কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ হবে ১৮০ দিন।

ঘটনাটি ঘটে ২২ জুলাই ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগে ক্রুজেইরো ও ইন্টারন্যাসিওনালের ম্যাচে। ম্যাচের এক পর্যায়ে ভিক্টর গ্যাব্রিয়েলের কঠোর ট্যাকলে পেকের বাঁ পায়ের টিবিয়া (শিনবোন) ভেঙে যায়। গুরুতর আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন পেক এবং রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন ভিক্টরকে।

পরে পেকের অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ধারণা, মাঠে ফিরতে তার তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

ঘটনার পর ভিক্টর গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিসের ২৫৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়। সাধারণত এই ধারায় সহিংস খেলার জন্য এক থেকে ছয় ম্যাচ নিষেধাজ্ঞার বিধান থাকলেও, প্রসিকিউশন একই ধারার ৩ নম্বর উপধারা প্রয়োগের আবেদন জানায়। ওই উপধারা অনুযায়ী, গুরুতর চোটের ঘটনায় আহত খেলোয়াড় মাঠে ফেরার উপযোগী না হওয়া পর্যন্ত অভিযুক্ত খেলোয়াড়ের নিষেধাজ্ঞা বহাল রাখা যেতে পারে, যার সর্বোচ্চ সীমা ১৮০ দিন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে ভিক্টর গ্যাব্রিয়েল বলেন, পেককে আঘাত করার কোনো ইচ্ছা তার ছিল না। তিনি জানান, ভেজা ও পিচ্ছিল মাঠে বলে আগে পৌঁছালেও পরে পা সরিয়ে নিতে না পারায় ট্যাকলটি ভয়াবহ হয়ে যায়। একই সঙ্গে পেক ও ক্রুজেইরো পরিবারের কাছে আন্তরিকভাবে ক্ষমাও চান তিনি।

মামলার র‌্যাপোর্টেয়ার অডিটর রদ্রিগো স্টাইনমান বায়ার সর্বোচ্চ ছয় ম্যাচ নিষেধাজ্ঞার সুপারিশ করলেও, অন্য তিন অডিটর আহত খেলোয়াড়ের সুস্থ হওয়ার সঙ্গে নিষেধাজ্ঞা যুক্ত করার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই চূড়ান্ত রায়ে ভিক্টর গ্যাব্রিয়েলের ওপর এই ব্যতিক্রমী শাস্তি আরোপ করা হয়।

আরও পড়ুন
TRUMP-WORLDCUP

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফার, আলোচনায় ট্রাম্প পরিবারের সদস্য

উল্লেখ্য, ২৫ বছর বয়সী গ্যাব্রিয়েল পেক চলতি বছর যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি ছেড়ে ক্রুজেইরোতে যোগ দেন। অভিষেক ম্যাচেই গুরুতর চোটে পড়ায় বড় ধাক্কা খেয়েছে ব্রাজিলের ক্লাবটি।

আরটিভি/এসকে