images

খেলা / ফুটবল

বিশ্বকাপ বিক্রির বিষয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৫:২৪ পিএম

বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের বাণিজ্যিক মালিকানা কাঠামো পরিবর্তনের প্রস্তাব ঘিরে তীব্র বিতর্কের মুখে অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ‘বিক্রি’ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে প্রস্তাবিত নতুন কাঠামো নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফিফা তাদের বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে। প্রস্তাব অনুযায়ী, নতুন এই প্রতিষ্ঠানের কিছু শেয়ার বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সুযোগ রাখা হতে পারে।

এই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর বিশ্ব ফুটবলে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, এতে বিশ্বকাপের বাণিজ্যিক নিয়ন্ত্রণ ধীরে ধীরে বেসরকারি পুঁজির হাতে চলে যেতে পারে।

সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। তাদের ৫৫ সদস্য দেশ একযোগে এই প্রস্তাবের বিরোধিতা করেছে এবং পরিকল্পনা থেকে সরে না এলে বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি দিয়েছে। একই অবস্থান নিয়েছে কনকাকাফও। সংস্থাটির ৪১ সদস্য দেশও প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে।

ক্রমবর্ধমান চাপের মুখে ফিফা এক বিবৃতিতে দাবি করেছে, সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু বিভ্রান্তিকর তথ্যের কারণে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সংস্থাটি বলেছে, সদস্য দেশগুলো যেন সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য আলোচনা ও পরামর্শের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ফিফা আরও জানিয়েছে, ফুটবল বা বিশ্বকাপ বিক্রি করে দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। বরং নতুন প্রতিষ্ঠান গঠনের চিন্তার উদ্দেশ্য হলো বাণিজ্যিক আয় আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা এবং সেই সুফল বিশ্বের সব অঞ্চলের ফুটবলের উন্নয়নে কাজে লাগানো। সংস্থাটির দাবি, এতে ফুটবলের মূল চেতনা কিংবা পরিচালনা কাঠামোতে কোনো পরিবর্তন আসবে না।

আরও পড়ুন
NEYMAR

নেইমারের ভাস্কর্য উন্মোচন করল সান্তোস

তবে প্রস্তাবটি কার্যকর করতে হলে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে অন্তত ১০৬ দেশের সমর্থন প্রয়োজন। ইতোমধ্যে উয়েফা ও কনকাকাফের ৯৬ সদস্য দেশ প্রকাশ্যে বিরোধিতা করায় পরিকল্পনাটি অনুমোদন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিতর্ক প্রশমনে এখন ড্যামেজ কন্ট্রোলেই মনোযোগ দিচ্ছে ফিফা।

আরটিভি/এসকে