রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১১:৪৬ এএম
প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন হোসে মরিনহো। সেই সঙ্গে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে তিনটি ভিন্ন রূপে দেখেছেন বলে জানিয়েছেন এই পর্তুগিজ কোচ।
রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মরিনহো।
প্রথম প্রীতি ম্যাচ নিয়ে মরিনহো বলেন, ম্যাচের সবকিছুই আমার ভালো লেগেছে। ফোনে দেখলাম লেখা হয়েছে—দুই রূপের রিয়াল মাদ্রিদ। তবে আমি বলব, আজ মাঠে তিনটি রূপের রিয়ালকে দেখা গেছে— ফ্রেশ বা সতেজ, ক্লান্ত, এবং ভীষণ ক্লান্ত।
তিনি বলেন, সতেজ দলটি সত্যিই দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রথমার্ধে ২-১ ব্যবধানের লিডটি আমাদের খেলার তুলনায় খুবই কম ছিল। প্রথম অর্ধে অত্যন্ত উচ্চমানের ফুটবল খেলেছি আমরা, অনায়াসেই ৩-০ বা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা যেত। কিন্তু দ্বিতীয়ার্ধে এক ঐতিহ্যবাহী ইতালিয়ান শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে ম্যাচটি কৌশলী হয়ে ওঠে।
‘তারা চাপ তৈরি করতেই দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় রূপটি প্রকাশ পায়। আমি দেখেছি ময়জে কিন বক্সে প্রবেশ করার পর ১৮ বছরের দুই তরুণের মুখোমুখি হন। সেই দুই উঠতি তরুণ দুর্দান্ত খেলেছে, কিন্তু কিনের মতো বিশ্বমানের খেলোয়াড়কে সামলানোর মতো শারীরিক ফিটনেস তাদের এখনও তৈরি হয়নি।’
তিনি বলেন, তবে ম্যাচের শেষ ভাগে যে তৃতীয় রূপটি (ভীষণ ক্লান্ত) দেখা গেছে, সেটিও আমার খুব পছন্দ হয়েছে। কারণ খেলোয়াড়রা জানত কীভাবে একতাবদ্ধ হয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয় এবং আধিপত্য ফিরিয়ে আনতে হয়।
পর্তুগিজ কোচ বলেন, ট্রেন্ট এবং ডামফ্রিসকে একসাথে খেলিয়ে একটি গতিশীল ফর্মেশন তৈরির চেষ্টা করেছি। প্রাক-মৌসুমের লক্ষ্য কেবল একটি ম্যাচের প্রস্তুতি নয়, তাই আমরা মাত্র এক দিন অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়রা যেন মাঠে নামলে জানে তাদের কাজটা ঠিক কী। প্রথম দিন থেকেই ছেলেদের পরিশ্রমে আমি অত্যন্ত সন্তুষ্ট।
তিনি আরও বলেন, ম্যাচ শুরু হওয়ার আগেই ছেলেদের বলেছিলাম—ফ্রেন্ডলি ম্যাচ হোক কিংবা অনুশীলনের ম্যাচ, রিয়াল মাদ্রিদ মানেই রিয়াল মাদ্রিদ। আমাদের যেমন দলের উন্নতি নিশ্চিত করতে হবে, তেমনি এই জার্সির ঐতিহ্য ও ইতিহাস রক্ষা করতে কাঙ্ক্ষিত ফলাফলও আনতে হবে।
আরটিভি/এসআর